স্বাস্থ্য খাতের বাজেট না বাড়ায় অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বাজেটে এবারও স্বাস্থ্য খাতের অংশ বাড়ছে না। এতে অসন্তুষ্টি প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ বুধবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ অসন্তুষ্টি প্রকাশ করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬৭তম সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রীর অংশগ্রহণের অভিজ্ঞতা জানানোর জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিকবার বলেছেন, স্বাস্থ্য খাতের বাজেট তিনি বাড়াবেন। প্রয়োজনে এ নিয়ে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে যুদ্ধ করবেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চান, আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ কত বাড়ছে? এর জবাবে স্বাস্থ্যসচিব এম এন নিয়াজউদ্দিন বলেন, আগামী অর্থবছরে স্বাস্থ্য খাতের জন্য প্রায় ১১ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে। এটি গতবারের চেয়ে প্রায় দুই হাজার কোটি টাকা বেশি। কিন্তু জাতীয় বাজেটের শতাংশের হিসাবে স্বাস্থ্য খাতের বাজেট এবারও ৫ শতাংশের কম থাকছে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে বাজেট কম থাকায় তিনি অসন্তুষ্ট। তিনি বলেন, পর্যাপ্ত বরাদ্দ না দিলে ভালো স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব নয়।
তবে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিব দুজনেই বলেন, ভবিষ্যতে স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করা হবে।