স্বাস্থ্য খাতের সমস্যা জটিল সমাধানও হবে জটিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যাবিষয়ক উপদেষ্টা ড. মুকেশ চাওলা বলেছেন, স্বাস্থ্য খাতের সমস্যা জটিল। সহজ সমাধানও হবে জটিল, তবে সৃজনশীল।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশনে বিশ্বব্যাংকের ওয়াশিংটন কার্যালয়ের কর্মকর্তা মুকেশ চাওলা এ কথা বলেন। তিনি বলেন, সনাতন রাজনীতি আর অর্থনীতি নিয়ে স্বাস্থ্য খাতের সমাধান সম্ভব নয়। স্বাস্থ্য খাতের সমস্যা সৃজনশীল পন্থায় সমাধান করতে হবে। সৃজনশীল পন্থার ওপর আস্থা রাখাটা জরুরি।
বিশ্বব্যাংক ও রকেফেলার ফাউন্ডেশনের সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) তিন দিনের এই সম্মেলনের আয়োজন করে। এতে ৬০টির বেশি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
মুকেশ চাওলা বলেন, স্বাস্থ্য খাতের সমস্যা সমাধানের জন্য অর্থ থাকার চেয়ে আশা থাকা বেশি জরুরি। স্বাস্থ্য খাতে মাথাপিছু বরাদ্দ কত বা জিডিপির কত অংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ, তার চেয়ে বড় কথা, যে সম্পদ আছে, তা ঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কি না। মাতৃমৃত্যুহার কমিয়ে আনার চেয়ে বড় কথা হলো মাতৃমৃত্যু ঘটতে না দেওয়া। সৃজনশীল সমাধানের উদাহরণ দিতে গিয়ে মুকেশ চাওলা বলেন, হাসপাতালে রোগী যাওয়া সম্ভব না হলে রোগীর কাছে হাসপাতাল বা সেবা পৌঁছানোর ব্যবস্থা করেছেন অনেকে।
‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়ন: এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক এই অধিবেশনে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম বলেন, শিক্ষা, স্বাস্থ্য বা যেকোনো খাতের জন্য দক্ষ মানবসম্পদ গুরুত্বপূর্ণ। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় মানবসম্পদ উন্নয়নকে গুরুত্বের শীর্ষে রাখা হয়েছে।
আলোচনায় অংশ নিয়ে বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক রশীদ-ই-মাহবুব বলেন, স্বাস্থ্য অনেক বড় বিষয়। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় মূলত চিকিৎসা ও চিকিৎসা শিক্ষা বিষয় নিয়ে কাজ করে। তিনি মন্তব্য করেন, বর্তমান ব্যবস্থায় দরিদ্র জনগোষ্ঠী মানসম্পন্ন সেবা পায় না। ব্র্যাকের ভাইস চেয়ার মোস্তাক রাজা চৌধুরী বলেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করতে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ: রাজনীতিক, টেকনোক্র্যাট ও নাগরিক সমাজকে বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে হবে। দ্বিতীয়ত, বিশেষ জনগোষ্ঠীকে (যেমন পোশাকশ্রমিক বা সরকারি কর্মকর্তা-কর্মচারী) সামাজিক বিমার মতো কর্মসূচির আওতায় এনে কাজের আওতা বাড়াতে হবে। আর পুরো কাজের নেতৃত্ব দিতে হবে সরকারকে।
পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।