স্বাস্থ্য খাতের ৬৪ শতাংশ ব্যয় রোগীরা বহন করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে স্বাস্থ্যসেবা খাতে মোট ব্যয়ের ৬৪ শতাংশ রোগী বা তাদের লোকজন এবং বাকি ৩৬ শতাংশ সরকার বহন করে।গতকাল শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে স্বাস্থ্য খাতে অর্থায়ন বিষয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য দেন। তাঁরা বলেন, দরিদ্র ও প্রান্তিক মানুষ সরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানে সেবার সুযোগ কম পায়। সরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসার কথা বলা হলেও রোগী বা তাঁর লোকজনকে নানা খরচের মুখে পড়তে হয়।স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক, ইউএসএআইডি, ইউরোপিয়ান ইউনিয়ন এবং সুইডেন দূতাবাস যৌথভাবে দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।কর্মশালার প্রথম উপস্থাপনায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরামর্শক আবদো ইয়াজবেক বলেন, জাদু দিয়ে স্বাস্থ্য খাতে সফল অর্থায়ন করা যাবে না। বাংলাদেশের বিরাট অপ্রাতিষ্ঠানিক খাতকে কোনো বিমা বা সামাজিক অর্থায়ন ব্যবস্থার মধ্যে আনা কঠিন। বাংলাদেশে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের জন্য চিকিৎসা-ব্যয়ও বাড়ছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারকে ব্যয় করতে হবে। অপুষ্টি দূর করার জন্যও অনেক অর্থের প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের পরিস্থিতি খারাপ। তবে পরিস্থিতি পরিবর্তনের অনেক সুযোগ আছে। এ ক্ষেত্রে অর্থ প্রধান শর্ত নয়।স্বাস্থ্য খাতে অর্থায়ন নীতিবিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমন্বয়ক জোসেফ কুটজিন বলেন, অনেক দেশের মানুষ স্বাস্থ্য খাতে ব্যয় করতে গিয়ে দারিদ্র্যের শিকার হয়। তিনি বলেন, সব মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় নিতে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার কথা বলা হচ্ছে। এর অর্থ হচ্ছে, কোনো আর্থিক ঝুঁকি ছাড়াই সব মানুষ একই ধরনের স্বাস্থ্যসেবার সুযোগ পাবে।অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া বলেন, স্বাস্থ্যসেবা নিতে মানুষের নিজস্ব ব্যয় বাড়ছে। ভবিষ্যতে এই খাতে দাতারা অর্থ কম দেবে। তিনি বলেন, স্বাস্থ্য খাতে অর্থায়নের নীতিকাঠামো ও কৌশল ঠিক করার জন্য দুই দিনের এই কর্মশালার আয়োজন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির বলেন, স্বাস্থ্য খাতে অর্থায়ন ও স্বাস্থ্য বিমাব্যবস্থা দেখার জন্য পদস্থ সরকারি কর্মকর্তারা কয়েকটি দেশ ঘুরে এসেছেন। বাংলাদেশের অর্থায়ননীতি ও কৌশল নির্ধারণে অন্য দেশের অভিজ্ঞতাও নেওয়া হবে।ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্য সচিব পি ভি রমেশ তাঁর প্রদেশের স্বাস্থ্য বিমার অভিজ্ঞতা বর্ণনা করেন বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া এবং আচমকা খরচ মোকাবিলার ক্ষেত্রে স্বাস্থ্য বিমা কার্যকর পন্থা।