স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই সনদ পেলেন নতুন ২৪ শিক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া ২৪ জন শিক্ষককে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই স্বাস্থ্য সনদ দেওয়ার অভিযোগ ওঠেছে। নতুন শিক্ষকদের কাজে যোগ দেওয়ার আগে এ ধরনের সনদ নেওয়ার বিধান আছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োগ পাওয়া শিক্ষকেরা শারীরিকভাবে যোগ্য কি না, তা পরীক্ষা করে স্বাস্থ্য সনদপত্র দেন বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা। এই সনদপত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পর শিক্ষকেরা কাজে যোগ দেওয়ার সুযোগ পান। এবার নিয়োগ পাওয়া ২৪ জন শিক্ষক স্বাস্থ্য কর্মকর্তার কাছে গিয়ে হাতে হাতে স্বাস্থ্যসনদ নিয়ে তা ৯ এপ্রিল দুপুরে কর্তৃপক্ষের কাজে জমা দেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, শরীরিক পরীক্ষা করে দেখার মতো প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম না থাকায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এভাবে সনদ দেন। সনদে উল্লেখ আছে, ‘সাধারণ শারীরিক পরীক্ষায় তাহার কোন রোগ বা বৈকল্য ধরা পড়ে নাই’।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষার মতো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আমাদের নেই। তাই দীর্ঘদিন ধরে এভাবে চলে আসছে।’ বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. তফাজ্জল হোসেন বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম নেই। তবে আমরা চিকিৎসকেরা দেখলেই বুঝতে পারি, কার কী সমস্যা। তার পরও কারও রক্তচাপ মেপে দেখেছি। সব সময় এভাবে সনদ দিচ্ছি। এবারও একই প্রক্রিয়ায় স্বাস্থ্য সনদ দিয়েছি।’নতুন যোগ দেওয়া একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য কর্মকর্তা তাঁদের কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই পাঁচ মিনিটের মধ্যে সবাইকে স্বাস্থ্য সনদ দিয়েছেন। এ সনদ তাঁরা কর্তৃপক্ষের কাছে জমা দেন।’প্রশাসন সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল সিন্ডিকেট সভায় বিভিন্ন বিভাগে ২৪ জন শিক্ষক নিয়োগ পান। তাঁরা ইতিমধ্যে নিজ নিজ বিভাগের কাজে যোগ দিয়েছেন।