স্বাস্থ্য পরীক্ষা না করে মান্না আবার কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল মঙ্গলবার দুপুরে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে স্বাস্থ্য পরীক্ষা না করে পরে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. ফরমান আলী প্রথম আলোকে বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শমতো সিটি স্ক্যান করার জন্য মান্নাকে গতকাল দুপুরে ইব্রাহিম কার্ডিয়াকে নেওয়া হয়। সেখানের চিকিৎসকেরা মান্নাকে এ পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) স্থানান্তর করেন। এরপর ওই পরীক্ষা না করিয়ে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। পরে এ পরীক্ষার জন্য তাঁকে বিএসএমএমইউতে নেওয়া হবে।
পুলিশের ভাষ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে মান্নাকে আটক করে র‍্যাব। তবে মান্নার পরিবারের দাবি, এর এক দিন আগে তাঁকে এক আত্মীয়ের বাড়ি থেকে তুলে নেওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহের উসকানি দেওয়া ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়। ডিবি পুলিশের কাছে দ্বিতীয় দফায় ১০ দিনের রিমান্ডে থাকা অবস্থায় গত ১০ মার্চ রাতে বুকে ব্যথা অনুভব করায় মান্নাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে তাঁকে কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।