স্বাস্থ্য পরীক্ষার পর কারাগারে ফেরত মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গতকাল বৃহস্পতিবার কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছে কারা কর্তৃপক্ষ। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ এবং নাগরিক ঐক্যের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. নেছার আলম বলেন, রুটিন চেকআপের জন্যই সকালে তাঁকে (মান্না) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছিল। কোন সমস্যার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে—এ প্রশ্নের জবাবে কারাধ্যক্ষ বলেন, হৃদ্রোগসহ তাঁর পুরোনো কিছু সমস্যা আছে। সেগুলোই দেখানো হয়েছে।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুর রহমান বলেন, মান্নাকে নিয়ে কারা পুলিশসহ পুলিশের একটি দল সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসে। তাঁর স্বাস্থ্য পরীক্ষা শেষে পুলিশের দলটি তাঁকে নিয়ে বেলা পৌনে একটার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। হাসপাতালের বহির্বিভাগের একজন চিকিৎসক মান্নাকে দেখেছেন বলে তাঁরা জানতে পেরেছেন।
এদিকে নাগরিক ঐক্য গতকাল এক বিবৃতিতে বলেছে, সরকার মাহমুদুর রহমান মান্নার চিকিৎসা নিয়ে একধরনের টালবাহানা করছে। এতে তাঁর জীবন সংকটাপন্ন হতে পারে। বিবৃতিতে হাসপাতালে ভর্তি রেখে মান্নার সুষ্ঠু চিকিৎসা করার দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ১৬ জানুয়ারি মান্না কারাগারে অজ্ঞান হয়ে পড়েছিলেন। তাঁর স্ত্রী কারাগারে গেলেও মান্নার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।