স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনের জন্য অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক পরীক্ষার প্রতিবেদন আদালতে না পৌঁছানোয় গতকাল বুধবার তাঁর জামিন আবেদনের বিষয়ে আদেশ হয়নি।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল এ আদেশের জন্য দিন ধার্য ছিল। আদালত জানান, শারীরিক পরীক্ষার প্রতিবেদন হাতে পৌঁছালেই জামিনের বিষয়ে আদেশ দেওয়া হবে।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, আপিল বিভাগের আজকের কার্যতালিকার এক থেকে তিন নম্বরে মির্জা ফখরুলের তিনটি আবেদন আদেশের জন্য রয়েছে।
পল্টন থানায় করা নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল থাকবে কি না, এ বিষয়ে গত রোববার আপিল বিভাগে আদেশের দিন ধার্য ছিল। ওই দিন আদালত মির্জা ফখরুলের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ৮ জুলাইয়ের মধ্যে ওই মেডিকেল বোর্ডকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
২০১৪ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের এক বছর উপলক্ষে চলতি বছরের ৫ জানুয়ারি কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পল্টন থানায় করা ছয়টি ও মতিঝিল থানার একটি মিলে সবগুলো মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। এর মধ্যে পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। আর পল্টন থানার তিনটি মামলায় হাইকোর্টের জামিনের বিষয়ে আদেশ দেবেন আপিল বিভাগ।
কারাবন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়লে ১৩ জুন হাইকোর্টের নির্দেশে মির্জা ফখরুলকে কাশিমপুর কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো সেখানে চিকিৎসা নিচ্ছেন।