স্বাস্থ্য প্রশিক্ষণের নামে ৩ কোটি টাকা লোপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মশালার কাগজপত্র ফটোকপি, ব্যানার, ব্যাগ, খাতাপত্র-কলম, খাবার ও যাতায়াতের খরচ দেখানো হয়েছে। প্রশিক্ষণকক্ষের (ভেন্যু) ভাড়া পরিশোধ করা হয়েছে। প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষণদাতারা সম্মানী পেয়েছেন। কর্মশালার ওপর প্রতিবেদন তৈরির পারিশ্রমিক দিতেও বাকি নেই। কর্মশালার যাবতীয় বিল-ভাউচার জমা দিয়ে সরকারি কোষাগার থেকে টাকাও তোলা হয়েছে। 
এত কিছুর পর এখন জানা যাচ্ছে, প্রশিক্ষণ কর্মশালাই হয়নি। বিল, ভাউচার, সই—সবই ভুয়া।
প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, কর্মশালার নামে ভুয়া কাগজপত্র তৈরি করে, অর্থ আত্মসাৎ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনসিডি) থেকে। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, সরকারের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত অর্থবছরে প্রায় দেড় শ ভুয়া কর্মশালার কাগজপত্র জমা দিয়ে ৩ কোটি ৫৬ লাখ টাকা তুলে নিয়েছেন এনসিডির পরিচালক মো. আমিরুল হাসান।
কাগজপত্র ঘেঁটে দেখা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৈরি করা এনসিডির কার্যপরিকল্পনার (অপারেশন প্ল্যান) ২০১৩-১৪ অর্থবছরে দেশের সাতটি বিভাগের সব জেলায় মানসিক স্বাস্থ্য, অটিজম, তামাক নিয়ন্ত্রণ ও মাদকাসক্তি বিষয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলা আছে। স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণের জন্য ১৬ কোটি ৪২ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ ছিল।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, আমিরুল হাসান কর্মসূচির পরিচালকের দায়িত্ব নেন এ বছরের ১৩ মার্চ। ৩১ জুন অর্থবছর শেষ হওয়ার আগে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ হয়েছিল ২০ থেকে ২৫টি। কিন্তু বাড়তি প্রায় দেড় শ ভুয়া প্রশিক্ষণ কর্মশালার কাগজপত্র তৈরি করেন আমিরুল হাসান। প্রতিটি প্রশিক্ষণে গড়ে দুই লাখ ৫০ হাজার টাকা খরচ দেখিয়েছেন তিনি।
১৭ নভেম্বর থেকে একাধিকবার তাঁর কার্যালয়ে হাজির হয়ে এবং মুঠোফোনে যোগাযোগ করা হলেও আমিরুল হাসান কথা বলতে রাজি হননি। ‘সাত দিন পরে আসেন’, ‘১৫ দিন পরে আসেন’ বলে সময় নিয়েছেন। এই প্রতিবেদন লেখার আগে মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ভুয়া, সবই ভুয়া: আমিরুল হাসানের জমা দেওয়া কাগজপত্রে দেখা যায়, উত্তরের জেলা লালমনিরহাটের বড়বাড়ির হারাটি কমিউমিনিটি সেন্টারে গত ২৪ থেকে ২৬ মে তিন দিনের তামাক নিয়ন্ত্রণ বিষয়ে কর্মশালা হয়েছে। কর্মশালার জন্য লালমনিরহাট শহরের আর এন ইসলাম মার্কেটের মিয়াজী বইঘর থেকে খাতা, পেনসিল, কলম, প্যাড, ফাইল; আহমেদ অ্যান্ড সন্স থেকে ব্যাগ; হাবিব প্রিন্টার্স থেকে ব্যানার; কেরামত ফটোকপিয়ার থেকে ফটোকাপি; মেসার্স হাবিব ডেকোরেটর্স থেকে সাউন্ড সিস্টেম; আউয়াল মিষ্টিঘর থেকে সিঙ্গারা, সন্দেশ লাড্ডু; শাওন কম্পিউটার থেকে প্রশিক্ষণ ম্যানুয়াল এবং তাপস সিডি থেকে সিডি কেনা হয়েছে। এসব দোকানের বিল তিনি জমা দিয়েছেন।
তবে লালমানিরহাট শহরের আর এন ইসলাম মার্কেট ঘুরে দেখা গেছে, এসব দোকানের অস্তিত্বই নেই। এ ছাড়া বড়বাড়িতে হারাটি কমিউনিটি সেন্টারও নেই।
জমা দেওয়া কাগজপত্রে আমিরুল হাসান ও লালমনিরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন এ কে এম মোস্তফা কামালের সই আছে। মোস্তফা কামাল প্রথম আলোকে বলেছেন, ‘তামাক নিয়ন্ত্রণ বিষয়ে লালমানিরহাটে কোনো প্রশিক্ষণ ওই সময় হয়নি। প্রশিক্ষণের কোনো বিল-ভাউচারে আমি সই করিনি। যে সই দেখা যাচ্ছে, তা আমার নয়, জাল।’
সরকারি কোষাগারে জমা দেওয়া কাগজপত্রে দেখা যায়, একই তারিখে অর্থাৎ ২৪ থেকে ২৬ মে আরও একটি প্রশিক্ষণ কর্মশালা হয়েছিল ঠাকুরগাঁওয়ে। শহরের গোড়িয়া সড়কে মানবকল্যাণ সংস্থা নামের একটি এনজিওর মিলনায়তন ব্যবহারের বিল জমা দেওয়া হয়েছে। কিন্তু ওই নামে কোনো প্রতিষ্ঠান ঠাকুরগাঁও শহরে নেই।
শহরের সমবায় মার্কেটের সেলিম স্টেশনারিকে খাতা-কলম, ফাইলের দাম, আরমান লেদার শপকে ব্যাগের দাম, মাসুম ব্যানারকে ব্যানারের দাম, মামুন ফটোস্ট্যাটকে ফটোকপির, নবরূপা সাউন্ড সিস্টেম থেকে শব্দযন্ত্র ভাড়া, মোহনা কনফেকশনারিকে নাশতা, প্রান্তিক এন্টারপ্রাইজ থেকে প্রশিক্ষণ ম্যানুয়াল বাঁধাই, প্রিয়া কম্পিউটার্স থেকে সিডি রাইড করার দাম দেওয়া হয়েছে। এসব দোকানের বিল জমা দিয়েছেন আমিরুল হাসান। কিন্তু ঠাকারগাঁও শহরে এসব দোকান খুঁজে পাওয়া যায়নি।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, ওই সময় ঠাকুরগাঁওয়ে কোনো প্রশিক্ষণই হয়নি।
কাগজপত্রে দেখা যায়, ঠাকুরগাঁও ও লালমনিরহাটে প্রশিক্ষণের ওপর পৃথক প্রতিবেদন তৈরি হয়েছে। সেই প্রতিবেদন তৈরির জন্য সাত হাজার টাকা করে খরচও দেখানো হয়েছে।
প্রশিক্ষণার্থীর তালিকায় সবাই চিকিৎসক। প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার জন্য তাঁদের প্রত্যেককে এক হাজার ৮০০ টাকা দেওয়া হয়েছে। সই করে তাঁরা টাকা নিয়েছেন। কিন্তু তালিকা ধরে এসব চিকিৎসককে এলাকায় খুঁজে পাওয়া যায়নি। কেউ কেউ ২০ বা ১২ বছর আগে এ দুই জেলায় কাজ করতেন বলে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে।
উত্তর পাওয়া যায়নি: এসব অভিযোগের ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য এই প্রতিবেদক গত ১৭ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরে আমিরুল হাসানের দপ্তরে যান। দেড় ঘণ্টা বসিয়ে রাখার পর তিনি পরের সপ্তাহে যেতে বলেন। ২২ নভেম্বর লিখিত প্রশ্ন পাঠানো হয় তাঁকে। এরপর ২৭ নভেম্বর এই প্রতিবেদক আবার স্বাস্থ্য অধিদপ্তরে যান। আমিরুল বলেন, ১৫ দিনের মধ্যে কোনো তথ্য দেওয়া সম্ভব না। এরপর ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কক্ষে কাগজ তৈরি করে: গত ১৭ নভেম্বর আমিরুল হাসানের কক্ষে ঢুকতে গেলে এক ব্যক্তি এই প্রতিবেদকের পরিচয় জানতে চান। দেড় ঘণ্টা অপেক্ষার পর এই প্রতিবেদকের সঙ্গে আমিরুল হাসানের কথা হয়, তখন ওই ব্যক্তি এই প্রতিবেদকের ছবি তুলে রাখেন।
পরে ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে মুঠোফোনে তিনি জানান, আমিরুল হাসানের ব্যক্তিগত সহকারী তিনি। অফিসে ও বাসায় কাজ করে দেন। তাঁর নাম সেলিম। অভিযোগ পাওয়া গেছে, আমিরুল হাসানের হয়ে ভুয়া কাগজপত্র সেলিম তৈরি করেন। যদিও সেলিম সেই অভিযোগ অস্বীকার করেছেন।
রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের ছয়তলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা বলেছেন, সেলিম স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা না হয়েও সব বিষয়ে খবরদারি করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রথম আলোকে বলেছেন, স্বাস্থ্য বিভাগের কোনো সরকারি কর্মকর্তার ব্যক্তিগত সহকারী রাখার বিধান নেই। বিষয়টি তিনি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব ও ঠাকুরগাঁও প্রতিনিধি মুজিবুর রহমান খান)