স্বাস্থ্য বাজেটের ৫ শতাংশ মানসিক স্বাস্থ্যের জন্য বরাদ্দের দাবি
দেশের শীর্ষস্থানীয় মনোরোগ বিশেষজ্ঞরা স্বাস্থ্য খাতে মোট বরাদ্দের কমপক্ষে ৫ শতাংশ মানসিক স্বাস্থ্য খাতে ব্যয়ের দাবি জানিয়েছেন। গতকাল সোমবার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাস্থ্য খাতে মোট বরাদ্দের মাত্র দশমিক ৪৪ শতাংশ ব্যয় হচ্ছে মানসিক স্বাস্থ্য খাতে।ইনস্টিটিউটের পরিচালক মো. গোলাম রব্বানী বলেন, স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ হয় মৃত্যু ও রোগের তীব্রতা বিবেচনায়। সারা বিশ্বেই মানসিক স্বাস্থ্য একটি উপেক্ষিত বিষয়। বাংলাদেশের চিত্রও একই রকম।জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক হেলাল উদ্দিন আহমেদ মূল প্রবন্ধে বলেন, বাংলাদেশে ১৮ বছরের ওপরে ১৬ দশমিক ৫ শতাংশ এবং ১৮ বছরের নিচে ১৮ দশমিক ৪ শতাংশ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহিত কামাল বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা পরিচর্যার আওতায় মানসিক স্বাস্থ্যসেবাকে অন্তর্ভুক্ত করা হলে বিপুলসংখ্যক মানুষের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।মানসিক স্বাস্থ্য দিবস পালিত: ‘মহৎ উদ্যোগ নিন: মানসিক স্বাস্থ্য খাতে বিনিয়োগ করুন’ স্লোগান নিয়ে গতকাল দিবসটি পালিত হয়েছে। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট শাহবাগ মোড় থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের উদ্যোগে অপরাজেয় বাংলার সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ এতে অংশ নেন।