স্বাস্থ্য বিভাগের চিকিৎসকের বিরুদ্ধে তিনমামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (কক্সবাজার সদর হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার) আবদুস সালামের বিরুদ্ধে সংরক্ষিত পাহাড় কর্তন ও বনাঞ্চলের গাছ নিধন করে ২২ শতক ভূমি দখলের অভিযোগে পৃথক তিনটি মামলা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৪ মে ঘূর্ণিঝড় মহাসেনের আঘাত হানার খবরে প্রশাসনের ব্যস্ততার সুযোগ নিয়ে আবদুস সালাম দলবল নিয়ে সদর উপজেলার ঝিলংজা বন বিটের সংরক্ষিত বনাঞ্চলের কয়েক শ আকাশমণি গাছ নিধন ও পাহাড় কেটে বসতবাড়ি তৈরির জন্য ২২ শতক ভূমি দখল করেন। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা বনকর্মীদের ধাওয়া করেন। ওই দিন স্থানীয় বন বিট কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় আবদুস সালামসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। তিনি একই কারণে আবদুস সালামের বিরুদ্ধে ছয় লাখ ৩৫ হাজার ৫৫০ টাকার আরেকটি ক্ষতিপূরণ মামলা করেন। এতে গাছ কাটার বিপরীতে চার লাখ ৫০ হাজার, পাহাড় কাটার ক্ষতি ৩৫ হাজার ৫৫০ টাকা এবং জীববৈচিত্র্য ধ্বংসসহ অন্যান্য ক্ষতি ধরা হয় এক লাখ ৫০ হাজার টাকা। ১৫ মে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম পাহাড় কাটার দায়ে আবদুস সালামের বিরুদ্ধে একই থানায় তৃতীয় মামলাটি (পরিবেশ আইনে) করেন। সরদার শরীফুল ইসলাম বলেন, সরকারি একজন চিকিৎসক হয়েও সংরক্ষিত পাহাড় ও গাছ নিধনের ঘটনায় অনেকে হতবাক হয়েছেন। ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ বলেন, ওই এলাকায় কক্সবাজার মেডিকেল কলেজ ভবন নির্মাণ করা হচ্ছে। তাই আবদুস সালাম কলেজের পাশে সংরক্ষিত ২২ শতক পাহাড় কেটে বসতবাড়ি তৈরির চেষ্টা করছেন। এ সময় বনকর্মীরা ৯০টি কাটা গাছ উদ্ধার করেছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, মামলার পর ওই চিকিৎসক আত্মগোপন করেছেন। তিনি জেলার উখিয়া উপজেলার পাগলিরবিল গ্রামের রশিদ আহমদের ছেলে। গ্রেপ্তার হলে তিনি চাকরি থেকে বরখাস্ত হতে পারেন।

অভিযোগ প্রসঙ্গে আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ১১ ও ১২ মে তিনি ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের দুই দিনের কর্মশালায় অংশ নেন। ১৩ থেকে ১৫ মে পর্যন্ত কক্সবাজার সির্ভিল সার্জন কার্যালয়ে ঘূর্ণিঝড় মহাসেন-সম্পর্কিত নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে ছিলেন। তার পরও বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর অন্যায়ভাবে তাঁকে একাধিক মামলা দিয়ে হয়রানি করছে। আবদুস সালাম বলেন, ‘মেডিকেল কলেজের পাশে যে জমিতে কাজ চলছে, তা আমার কেনা জমি। কিন্তু বন বিভাগ অন্যায়ভাবে এ জমি তাদের দাবি করছে।’