স্বাস্থ্য বিভাগের নির্দেশ উপেক্ষা করে চলছে সেই হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের মাহিগঞ্জ পৌর এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালটি ২৪ জুলাই বন্ধ রাখার নির্দেশ দেয় স্বাস্থ্য বিভাগ। কিন্তু ওই নির্দেশ উপেক্ষা করে সেখানে চিকি ৎসা কার্যক্রম চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়মনীতি উপেক্ষা করে হাসপাতাল চালানো এবং টাকার জন্য এক রোগীকে আটকে রাখার অভিযোগে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নির্দেশে গঠিত তদন্ত কমিটি হাসপাতালটি বন্ধের নির্দেশ দেয়। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টাকা দিতে না পারায় পারভীন আক্তার নামের এক রোগীকে ওই হাসপাতালে দেড় মাস আটকে রাখা হয়। ২০ জুলাই পুলিশ তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় পারভীন আক্তার বাদী হয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলামসহ তিনজনকে আসামি করে মামলা করেন। পুলিশ ২০ জুলাই তাঁদের গ্রেপ্তার করলেও গত বৃহস্পতিবার তাঁরা জামিনে ছাড়া পান। গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, এখানে বহির্বিভাগে রোগী দেখছেন এক ব্যক্তি। পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি সরে যান। পরে আর তাঁকে পাওয়া যায়নি। বিধি লঙ্ঘন করে জানুয়ারি মাস থেকে ট্রেড লাইসেন্স দিয়ে হাসপাতালটি চালানো হচ্ছিল। এ নিয়ে ২৬ জুলাই প্রথম আলোয় ‘ট্রেড লাইসেন্স দিয়ে চিকি ৎসাসেবা!’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপানো হয়। সিভিল সার্জন রেজাউল করিম বলেন, তদন্ত কমিটি হাসপাতালটি ২৪ জুলাই থেকে বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছে। কিন্তু এখনো তা বন্ধ হয়নি কেন এ প্রশ্নের উত্তরে তিনি জানান, বিষয়টি তিনি দেখবেন। ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম বলেন, ‘এ-সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য বিভাগের কোনো চিঠি পাইনি।’