স্বাস্থ্য বিভাগের ৬ মাঠকর্মীকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপাল ও বারোর মতো ২০ শিশু গতকাল মঙ্গলবার হাসপাতাল ছেড়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের মধ্যম সোনাইছড়ির ত্রিপুরাপাড়া থেকে অসুস্থ অবস্থায় তাদের ভর্তি করা হয়েছিল ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকসাস ডিজিজেসে (বিআইটিআইডি)।

সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়ায় হামে আক্রান্ত হয়ে এক সপ্তাহে মারা যায় নয় শিশু। প্রথমে স্বাস্থ্য বিভাগ থেকে অজ্ঞাত রোগ বলা হলেও গত সোমবার শিশুরা হামে আক্রান্ত বলে জানায়। শিশুমৃত্যুর ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে স্বাস্থ্য বিভাগের ছয় মাঠকর্মীকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদনে তাঁদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ রয়েছে।

ছয় স্বাস্থ্যকর্মী হলেন স্বাস্থ্য পরিদর্শক খালেদ মোহাম্মদ হুমায়ুন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রেবা মহাজন, স্বাস্থ্য সহকারী নুরুল করিম, বদরুন নাহার, তহুরা বেগম ও নিলুফা বেগম। তাঁদের সন্দ্বীপের বিভিন্ন চরাঞ্চলে বদলি করা হয়।

গতকাল নতুন করে মাধ্যম সোনাইছড়ির ত্রিপুরাপাড়া থেকে আরও চার শিশুকে বিআইটিআইডিতে ভর্তি করা হয়েছে। বিআইটিআইডিতে বর্তমানে ৯ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৬৩ জন চিকিৎসাধীন রয়েছে। এর আগে গত সোমবার পর্যন্ত দুই হাসপাতালে ভর্তি ছিল ৮৮ জন।

হাসপাতাল থেকে শিশুদের ছাড়ার আগে গতকাল দুপুরে বিআইটিআইডির সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করা হয়। এতে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর মো. আবুল হাসেম খান বলেন, টিকা গ্রহণ করলে হয়তো এত শিশু মারা যেত না। এত শিশু মারা যাওয়ার দায় স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, বিআইটিআইডির পরিচালক এম এ হাসান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।