স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৫০০০ জনের নিয়োগ স্থগিত
সরকারের শেষ সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ হাজার ২০৯ জনের গণনিয়োগপ্রক্রিয়া আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে এই নিয়োগপ্রক্রিয়া কেন অবৈধ বিবেচনায় বাতিল হবে না, সে মর্মে স্বাস্থ্যসচিব, জনপ্রশাসন সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের প্রতি রুল জারি করা হয়েছে।
দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী ও তরিকুল ইসলাম রিট দুটি দায়ের করেন। রিট আবেদনে অভিযোগ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ৯১৫ জন এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ৪ হাজার ২৯৪ জনের নিয়োগপ্রক্রিয়া বেআইনিভাবে কেবলমাত্র তদবিরের জোরে চূড়ান্ত করা হচ্ছিল।
আবেদনকারীদের পক্ষে আইনজীবী বাছেত মজুমদার, এম আমিন উদ্দিন ও সরকার মো. তরিকুল ইসলাম আদালতে যুক্তি দেন। তাঁরা বলেন, এই নিয়োগপ্রক্রিয়ায় সংবিধানের ১৯, ২৭, ২৯ ও ৪০ অনুচ্ছেদের লঙ্ঘন ঘটেছে।
সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহুরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, প্রায় তিন লাখ প্রার্থীর যোগ্যতা যাচাই না করে কেবলমাত্র তদবিরের জোরে এই নিয়োগ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল।