স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুদকে পাঠানো হলো প্রাথমিক তদন্ত প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ-সম্পর্কিত প্রাথমিক তদন্ত প্রতিবেদন গতকাল সোমবার স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠানো হয়েছে।

স্থানীয় সাংসদ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ বাবলু ডাকযোগে এ তদন্ত প্রতিবেদন পাঠান।

স্বাস্থ্যমন্ত্রীর বরাবর লেখা পত্রে বলা হয়, ‘২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০১৪-১৫ অর্থবছরে ভারী যন্ত্রপাতি কেনার সময় গুরুতর অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক তদন্ত প্রতিবেদন আপনার অবগতি এবং অধিকতর তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।’

পত্রের সঙ্গে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির গত ১০ এপ্রিলের সভার কার্যবিবরণী ও পরে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভার কার্যবিবরণী সংযুক্তি হিসেবে দেওয়া হয়। শেষ সভার কার্যবিবরণীর সঙ্গে যন্ত্রপাতি কেনাকাটার প্রাথমিক তদন্ত প্রতিবেদন এবং এ-সম্পর্কিত সভার মতামত সংযুক্ত করা হয়।

জানতে চাইলে সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘আমি আজ (সোমবার) প্রাথমিক তদন্ত প্রতিবেদন ও সভার কার্যবিবরণী-সংবলিত একটি চিঠি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে পাঠিয়েছি। এর সংযুক্তি দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও দুদকের মহাপরিচালক বরাবরে।’

গত ১০ এপ্রিল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। ওই সভায় তা তদন্তের জন্য জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির প্রতিবেদনের পর ৭ সেপ্টেম্বর ব্যবস্থাপনা কমিটির দ্বিতীয় সভায় তা নিয়ে আলোচনা হয়। সর্বশেষ সভায় হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটা-সংক্রান্ত প্রাথমিক তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

প্রাথমিক তদন্ত কমিটির অপর দুই সদস্য ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী ও বিএমএর চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী।

প্রাথমিক তদন্তে কেনাকাটায় ব্যাপক দুর্নীতির প্রমাণ পায় কমিটি। তদন্ত প্রতিবেদনে ২ কোটি ৮০ লাখ টাকা দামের এমআরআই মেশিন ৯ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকায় এবং সাড়ে ২৪ লাখ টাকার কালার ডপলার মেশিন ৬৫ লাখ টাকায় কেনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ১০ ধরনের যন্ত্রপাতি অস্বাভাবিক বেশি মূল্যে কেনা হয়েছে বলে মত দেওয়া হয়।

৬ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘১৫ হাজার টাকার যন্ত্র কেনা হলো ৯ লাখ ৩২ হাজার টাকায়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।