স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করবেন মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আজ স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। আজ রোববার প্রেসক্লাবে ‘মেডিকেলে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থী’ ব্যানারে সংবাদ সম্মেলন হয়। সেখান থেকে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।
দুপুরের পর মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। তাঁরা বলেছেন, ১৮ তারিখে অনুষ্ঠিত মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিল করতে হবে।

সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক হাসিবুল হোসেন বলেন, ‘আমরা যোগ্যতার স্বাক্ষর রেখে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু কুচক্রী ও স্বার্থান্বেষী মহলের কারণে আমাদের স্বপ্ন থেকে ছিটকে পড়তে হয়। যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কাঙ্ক্ষিত জায়গায় ভর্তি হতে পারি না।’
শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে ভর্তি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার দাবি জানায়।
গতকাল শুক্রবার ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার দিন সকালে ও আগের রাতে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে তা মিলে গেছে। তাঁরা এই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন।