স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে ১২ প্রস্তাব নিষ্পত্তি জনপ্রশাসনসচিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৪৪টি প্রস্তাব অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সব মন্ত্রণালয় থেকেই এমন নানা প্রস্তাব যায় জনপ্রশাসনে। আমলাতান্ত্রিক জটিলতা ও বিভিন্ন তথ্য-উপাত্তের জোগান দিতে গিয়ে পেরিয়ে যায় মাসের পর মাস, অনেক সময় বছরও।
এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের অনিষ্পন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী নিজেই প্রতিটি মন্ত্রণালয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম দিন তাঁর নেতৃত্বে একটি দল গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে আলোচনার পর তাত্ক্ষণিক ১২টি বিষয় নিষ্পত্তি করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রতি জেলা হাসপাতালে পুষ্টিবিদের পদ ও বার্ন ইউনিটে ১৪ কর্মকর্তার পদ সৃষ্টি এবং ক্যানসার ইউনিটসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়।
পদ সৃষ্টি থেকে শুরু করে বিধি প্রণয়ন পর্যন্ত সব বিষয়ে যেকোনো মন্ত্রণালয়কে বা বিভাগের কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। কিন্তু নানা কারণে অনুমোদনের ফাইল সহজে নড়ে না।
নতুন এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই দীর্ঘদিন ধরে যেসব অনিষ্পন্ন বিষয় পড়ে আছে, তা দ্রুত নিষ্পন্ন হোক। এতে জনগণই উপকৃত হবে। দীর্ঘসূত্রতা, ফাইল চালাচালিসহ নানা তথ্য চাওয়ার কারণে এসব সিদ্ধান্ত হতে বছর লেগে যায়। আশা করি এখন সব মন্ত্রণালয়ের জরুরি বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি হবে।’
জনপ্রশাসনসচিব জানান, ৮ মে বৈঠকে বসবেন গণপূর্ত মন্ত্রণালয়ে। পর্যায়ক্রমে সব মন্ত্রণালয়ে এ রকম বৈঠক অনুষ্ঠিত হবে।