স্বাস্থ্য শিক্ষা প্রযুক্তি সেবা যাবে মানুষের দুয়ারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তির সেবা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হলো কল্যাণী প্রকল্প। নাটোরে গতকাল অনুষ্ঠানের মাধ্যমে দেশের ১৫ জেলায় এই প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। এ সময় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাকি ১৫টি জেলায় এর উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, কল্যাণী শুধু একটা প্রকল্প নয়। এটা একটি সামাজিক আন্দোলন। এখানে নারী ও তথ্যপ্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর আওতায় উচ্চমাধ্যমিক পাস করা নারীদের স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁরা মোবাইল, ল্যাপটপ ও ক্যামেরা নিয়ে সাইকেলে করে গ্রামের বাড়িতে বাড়িতে যাবেন। গ্রামের মানুষের স্বাস্থ্য ও শিক্ষাসহ নানা সমস্যা নিয়ে কথা বলবেন। প্রযুক্তি ব্যবহার করে সেখান থেকে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ভুক্তভোগীদের যোগাযোগ করিয়ে দেবেন। দুই পক্ষের আলোচনার মাধ্যমে তাৎক্ষণিক সমাধানের পথ বেরিয়ে আসবে। এর বিনিময়ে তাঁরা কিছু সম্মানী পাবেন। এতে ওই নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
এ প্রকল্পের মাধ্যমে ২০১৭ সালের মধ্যে ১ হাজার ও ২০২১ সালের মধ্যে ১০ হাজার কল্যাণী মাঠে নামবেন বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন। কাজটি বাস্তবায়ন করবে তথ্যপ্রযুক্তি বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ডিনেট। নাটোরের পাশাপাশি ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, যশোর, কুমিল্লা, শরীয়তপুর, নেত্রকোনাসহ ১৫ জেলায় এর কাজ শুরু হয়েছে।
উদ্বোধন উপলক্ষে গতকাল সকাল সাড়ে নয়টায় শহরের শঙ্করগোবিন্দ চৌধুরী স্টেডিয়াম থেকে নারীদের বাইসাইকেল শোভাযাত্রা বের হয়। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কল্যাণীর লোগো উন্মোচন করা হয়। সাড়ে ১০টায় আলোচনা সভা হয়। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় অংশ নেন অপর ১৫টি জেলার প্রশাসকেরা। সভায় সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক শাহীনা খাতুন। প্রতিমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন তথ্যপ্রযুক্তি বিভাগের মহাপরিচালক বনমালী ভৌমিক, ডিনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অনন্য রায়হান, নাটোর জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী প্রমুখ।
অনন্য রায়হান বলেন, এর আগে তথ্যকল্যাণী নামে নারী উদ্যোক্তা তৈরির কাজ শুরু হয়েছিল। তাঁরা শুধু প্রযুক্তিবিষয়ক সহায়তা দিতেন। এই কাজকে আরও সম্প্রসারিত করতে নাম পরিবর্তন করে কল্যাণী করা হয়েছে।
বনমালী ভৌমিক বলেন, ২০১০ সালে প্রতি ইউনিয়নে তথ্যসেবাকেন্দ্র চালু করা হয়েছিল। এর কার্যকারিতা নিয়ে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু সব সন্দেহ কাটিয়ে তা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। কল্যাণীরা এখন সরকারের সেবাগুলো মানুষের দুয়ারে নিয়ে যাবেন। মানুষের সেবা প্রাপ্তি আরও সহজ হবে।