স্বাস্থ্য সচেতনতায় আচরণ পরিবর্তনের বিকল্প নেই
আচরণ পরিবর্তন একটি দীর্ঘমেয়াদি এবং জটিল বিষয়। কোনো কোনো আচরণ পরিবর্তনে দীর্ঘ সময় প্রয়োজন। স্বাস্থ্য সচেতনতায় আচরণ পরিবর্তনের বিকল্প নেই বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করতে হবে।
আজ সোমবার রাজধানীতে এক মতবিনিময় সভায় এসব কথা উঠে এসেছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নলেজ ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভস (বিকেএমআই)।
তিন বছর ধরে সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দুটি অধিদপ্তরের তিনটি ইউনিটকে নিয়ে পরিচালিত বিকেএমআই প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও এর বাস্তবায়ন অভিজ্ঞতা নিয়ে সভায় আলোচনা হয়।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন।
বক্তারা বলেন, বিকেএমআই প্রকল্প বাংলাদেশে জ্ঞান ব্যবস্থাপনা উন্নয়ন এবং আচরণ পরিবর্তন যোগাযোগের সমন্বয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশনস প্রোগ্রামস (বিসিসিপি) এবং জনস হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস যৌথভাবে বিকেএমআই প্রকল্প বাস্তবায়ন করে। বিজ্ঞপ্তি।