স্বাস্থ্য সমস্যায় ৩৭ শতাংশ নারী নিজে সিদ্ধান্ত নিতে পারেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ৩৭ শতাংশ নারী তাঁদের স্বাস্থ্যসেবা নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিজেরা নিতে পারেন না। জাতিসংঘের নারী-বিষয়ক সংস্থা ইউএন উইমেন প্রকাশিত ‘প্রোগ্রেস অব দ্য ওয়ার্ল্ডস উইমেন ২০১৫-২০১৬: ট্রান্সফরমিং ইকোনমিস, রিয়েলাইজিং রাইটস’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। সংস্থাটি সারা বিশ্বের নারীর অগ্রগতি-বিষয়ক এই প্রতিবেদন গত সপ্তাহে প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, পানি ও পয়োব্যবস্থাপনা নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ সেবা। কিন্তু ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন দেশের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দক্ষিণ এশিয়ার আরও দুটি দেশ পাকিস্তানের ৪৮ ও নেপালের ৩৪ শতাংশ নারী নিজের স্বাস্থ্যসেবার সিদ্ধান্ত নিজে নিতে পারেন না। অর্থাৎ সিদ্ধান্ত দেন পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বা স্বামী।
প্রতিবেদনে দেখা যায়, সেনেগালের ৬৯ শতাংশ, কঙ্গোর ৫৩, মোজাম্বিকের ৩৩ এবং তাজিকিস্তানের ৩৭ শতাংশ নারী তাঁদের স্বাস্থ্য-বিষয়ক সিদ্ধান্ত নিজেরা নিতে পারেন না।
নারীর স্বাস্থ্যসেবার সিদ্ধান্তের বিষয়ে কিছু তথ্য বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপেও আছে। ২০১১ সালের জরিপে বলা হয়েছে, দেশের ১৫ থেকে ৪৯ বছর বয়সী বিবাহিত নারীদের ৬৩ শতাংশ এককভাবে বা স্বামীর সঙ্গে আলোচনা করে স্বাস্থ্যসেবা নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। জাতিসংঘের প্রতিবেদন ও জনমিতি জরিপের তথ্য বলছে, দেশের অধিকাংশ নারী স্বাস্থ্যসেবার সিদ্ধান্ত স্বাধীনভাবে নিচ্ছেন।
স্বাস্থ্যসেবার সিদ্ধান্তের ব্যাপারে রাজধানীর শান্তিনগরের গৃহিণী জান্নাতুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘আমি শুধু আমার নিজের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছি তা-ই নয়, আমার শ্বশুর বাড়ির কেউ অসুস্থ হলে কোন চিকিৎসকের কাছে যাবেন সে সিদ্ধান্তও দিচ্ছি।’ স্নাতকোত্তর এই গৃহিণীর বিয়ে হয়েছে ১২ বছর আগে।
অন্য একজন গৃহিণী মুক্তা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন, তাঁর স্বামী মুরগি ব্যবসায়ী। মুক্তা প্রথম আলোকে বলেন, তিনি নিজেই নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। চিকিৎসকের কাছে যাওয়ার সময় কিছু ক্ষেত্রে স্বামী সঙ্গে যান। স্বামী যেতে না পারলে তাঁর কোনো আত্মীয় সঙ্গে যান।
ইউএন উইমেনের প্রতিবেদনে বলা হচ্ছে, অর্থনৈতিক স্বাধীনতা বা নারীর আয় উপার্জন স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। কম খরচে সহজে পাওয়া যায় এমন স্বাস্থ্যসেবায় নারীর আগ্রহ বেশি। অন্যদিকে একই ধরনের সেবা কম উপার্জনকারী নারীর চেয়ে বেশি উপার্জনকারী নারী বেশি নিতে পারেন বা নেন।
অন্যদিকে চিকিৎসকেরা বলছেন, জটিল কোনো রোগ বা সমস্যায় একা সিদ্ধান্ত নিয়ে চিকিৎসকের কাছে আসছেন এমন নারীর সংখ্যা এখনো কম। স্কয়ার হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ কামরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘স্তন ক্যানসার বা অন্য ক্যানসারে আক্রান্ত হওয়ার পর অনেক দেরি করেই নারী আমাদের কাছে পৌঁছাচ্ছেন। অর্থাৎ নারীরা নিজে সিদ্ধান্ত নিতে পারছেন না বলেই দেরি হচ্ছে।’
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, বসবাসের স্থান থেকে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালের দূরত্ব বেশি হলে নারী কম সেবা নেবেন। দিনের কোন সময় স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকে সেবা নেওয়ার ক্ষেত্রে সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক যদি পুরুষ হন সে ক্ষেত্রে নারী সেবা নিতে তুলনামূলকভাবে কম আগ্রহ দেখান।