স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার আশ্রয় নিয়ে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে রোববার পিরোজপুরে সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা হয়েছে। মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের চিত্রা গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে মো. আশফাকুর রহমান মামলাটি করেছেন। মামলার এজাহারে উল্লেখ রয়েছে, স্বাস্থ্য সহকারী পরীক্ষায় তিনিসহ পাতাকাটা গ্রামের আ. মজিদ মাস্টারের ছেলে মো. আসলাম হোসেন, মো. ইলিয়াস হোসেন এবং মো. কামরুল ইসলাম অংশ নেন। আসলাম হোসেনকে সহায়তা করার জন্যই তাঁর দুই ভাই কামরুল ও ইলিয়াস জাল সার্টিফিকেট তৈরি করে স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষায় অংশ নেন। ইলিয়াস হোসেন ফুলঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং কামরুল ইসলাম স্বরূপকাঠী উপজেলার ইন্দেরহাট ইসলামী ব্যাংক শাখায় জ্যেষ্ঠ কর্মকর্তা। আইনজীবী সৈয়দ মজিবুর রহমান জানান, তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জাকারিয়া হোসাইন সাত দিনের মধ্যে স্বাস্থ্যসচিব, পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা, উপপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল, সিভিল সার্জন পিরোজপুর, আসলাম হোসেন, ইলিয়াস হোসেন ও কামরুল ইসলামকে কারণ দর্শানোর আদেশ দেন।