স্বাস্থ্যকর্মীদের অনশন শুরু

>
- চাকরি জাতীয় করণের দাবি।
- জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি।
- পাঁচ দিন অবস্থান শেষে বৃহস্পতিবার আমরণ অনশন শুরু।
- দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। চাকরি রাজস্বকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত পাঁচ দিন অবস্থান কর্মসূচি শেষে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যকর্মীরা আমরণ অনশন শুরু করেন। তাঁরা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের এই কর্মসূচি চলবে।
এর আগে গত বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের নেতাদের বৈঠক হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, সিএইচসিপিদের চাকরি স্থায়ী করার জন্য আইন প্রণয়ন ও খুব শিগগির তা বাস্তবায়ন করা হবে। তাতে মূল দাবি পূরণ হবে না বলে নেতারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
গতকাল সকালে সারা দেশ থেকে আসা স্বাস্থ্যকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম আমরণ অনশন কর্মসূচি শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন।
ভোলার মনপুরা উপজেলা থেকে আসা ফয়সাল হাওলাদারবলেন, ‘শুরু থেকে আমাদের বেতন একই আছে। বেতন বাড়ছে না। অন্য সুযোগ-সুবিধাও নেই। আবার চাকরির নিশ্চয়তাও নেই। চাকরি রাজস্বকরণ ছাড়া আমাদের অনিশ্চয়তা দূর হবে না।’
কমিউনিটি ক্লিনিক পরিচালনা করেন সিএইচসিপিরা। ক্লিনিকে ৩০ ধরনের ওষুধ বিনা মূল্যে দেওয়া হয়। বর্তমানে সারা দেশে ১৩ হাজার ৪৪২টি ক্লিনিক চালু আছে। প্রতিটি ক্লিনিকে দৈনিক ৩৫ থেকে ৪০ জন মানুষ স্বাস্থ্যসেবা নেয়। বেশ কিছু ক্লিনিকে প্রসবসেবাও দেওয়া হয়। সিএইচসিপিদের আন্দোলনের কারণে দেশের কমিউনিটি ক্লিনিকে সেবা কার্যত বন্ধ আছে। ফলে দৈনিক প্রায় পাঁচ লাখ গ্রামীণ মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছে না। সিএইচসিপিরা গত ২০-২২ জানুয়ারি নিজ নিজ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ২৩ জানুয়ারি প্রতিটি জেলার সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেন। ২৭ জানুয়ারি থেকে তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান শুরু করেন।