৩৪ কমিউনিটি ক্লিনিকের ১৩ স্বাস্থ্যকর্মীকে নোটিশ
স্বাস্থ্যকর্মীরা আসেন মাঝেমধ্যে রোগীরা থাকেন দুর্ভোগে
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩৪ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মীরা আসেন মাঝেমধ্যে। এতে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। গত শনিবার ক্লিনিকে অনুপস্থিত থাকায় তিন স্বাস্থ্যকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। যথাসময়ে ক্লিনিকে না আসা এবং অনুপস্থিত থাকার কারণে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির কুমার রায় এ নোটিশ দেন। এ নিয়ে গত এক মাসে ১৩ জন স্বাস্থ্যকর্মীকে নোটিশ দেওয়া হলো।জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নে ৩৪টি কমিউনিটি ক্লিনিক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠা করা হয়। বিএনপি সরকার ক্ষমতায় এসে এগুলো বন্ধ করে দেয়। বর্তমান সরকার ক্ষমতায় এসে তা পুনরায় চালু করে। জনগণকে স্বাস্ব্যসেবায় সম্পৃক্ত রাখতে সরকার ক্লিনিকে একজন কমিউনিটি স্বাস্থ্যসেবা প্রদানকারী (হেলথকেয়ার প্রোভাইডার), একজন স্বাস্থ্য সহকারী ও একজন পরিবারকল্যাণ সহকারী নিয়োগ দেয়। সকাল নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত তাঁদের ক্লিনিকে বসে রোগীদের সেবা দেওয়ার কথা। এ জন্য সরকার প্রতি মাসে ক্লিনিকে ওষুধও বরাদ্দ দেয়।দক্ষিণ-পূর্ব চরপাতা গ্রামের মফিজুর রহমান ও গাজীনগর গ্রামের মো. সেলিম জানান, জ্বরে আক্রান্ত হয়ে তাঁরা শনিবার সকালে ক্লিনিকে গেছেন। ১১টা পর্যন্ত অপেক্ষা করেও কাউকে না পেয়ে চলে আসেন। কেরোয়া গ্রামের বদরুজ্জামান মিয়া ও দক্ষিণ চরবংশী গ্রামের জাহিদ আলম জানান, তাঁদের এলাকার ক্লিনিকগুলো প্রায়ই বন্ধ থাকে। মাঝেমধ্যে স্বাস্থ্যকর্মীরা দুপুরে এসে আধা ঘণ্টা থেকে চলে যান। রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মাইকেল সোয়ারীশ জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শনিবার সকালে দক্ষিণ-পূর্ব চরপাতা, গাজীনগর ও উত্তর-পূর্ব চরপাতা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যান। তিনি ক্লিনিকগুলো বন্ধ পেয়ে জাকির হোসেন, হাসান আহামঞ্চদ ও প্রতিভা পালকে কারণ দর্শানোর নোটিশ দেন। দক্ষিণ-পূর্ব চরপাতা কমিউনিটি ক্লিনিকের হেলথকেয়ার প্রোভাইডার জাকির হোসেন বলেন, ‘চা খেতে গিয়েছিলাম। এমন সময় স্যার চলে এসে আমাকে পাননি। তবে সব সময় ক্লিনিকে উপস্থিত থাকি।’ গাজীনগর কমিউনিটি ক্লিনিকের হেলথকেয়ার প্রোভাইডার হাসান আহামেঞ্চদ বলেন, ‘কারণ দর্শানোর নোটিশটি এখনো পাইনি। স্যার আসার পর পরই আমি ক্লিনিকে এসেছি। এ ছাড়া প্রতিদিনই যথাসময়ে রোগীদের সেবা দিচ্ছি।’ দক্ষিণ চরবংশী ক্লিনিকের হেলথকেয়ার হনুফা আক্তার বলেন, ‘সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত নিয়মিত অফিস করি। কেউ যদি বলে থাকে আমাদের পায় না, সেটি ভুল তথ্য।’ একই দাবি করলেন দক্ষিণ চরবংশী কমিউনিটি ক্লিনিকের হেলথকেয়ার প্রোভাইডার আবদুর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে বেশ কিছু কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছি। অনিয়মের কারণে বেশ কয়েকজনকে নোটিশও দেওয়া হয়েছে। যাঁরা যথাসময়ে ক্লিনিকে আসবেন না এবং সরকারি নিয়মকানুন মানবেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’