স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যান না, বাড়ছে জনসংখ্যা
পরিবারকল্যাণ সহকারীদের বাড়ি বাড়ি গিয়ে পরিবার পরিকল্পনার পদ্ধতি সম্পর্কে জনগণকে সচেতন করার কথা। কিন্তু কক্সবাজারের মহেশখালী উপজেলায় সে কার্যক্রম চলছে ধীরগতিতে। অনেকে পরিবার পরিকল্পনা সম্পর্কে জানেন-ই না। রয়েছে বহুবিবাহ ও বাল্যবিবাহের চল। এসব কারণে মহেশখালীতে গত ১০ বছরে জনসংখ্যা প্রায় এক লাখ বেড়েছে। ১৯৯১ সালের আদমশুমারির তথ্যমতে, উপজেলায় লোকসংখ্যা ছিল প্রায় এক লাখ ৫২ হাজার। ২০০১ সালের আদমশুমারি বলছে, মহেশখালীর লোকসংখ্যা প্রায় দুই লাখ ৫৭ হাজার। চলতি বছরের আদমশুমারি অনুযায়ী মহেশখালীর লোকসংখ্যা সাড়ে তিন লাখ হতে পারে বলে উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা সমর চন্দ্র দে জানিয়েছেন।উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র জানায়, একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে ৩৭ জন ইউনিয়ন পরিবারকল্যাণ সহকারীর মধ্যে আছেন ২৮ জন। পরিবার পরিকল্পনা পরিদর্শক নয়জনের জায়গায় আছেন একজন এবং পরিবার পরিকল্পনা পরিদর্শিকার ১০ জনের মধ্যে আছেন চারজন। লোকবল সংকটের কারণে মাঠ পর্যায়ে এ কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে। উপজেলার ধলঘাটা ইউনিয়নের সরইতলার বেড়িবাঁধের ওপর থাকেন শ্রমিক কামাল হোসেন। ছোট্ট কুঁড়েঘরে স্ত্রী আমেনা বেগম, ছয় ছেলে ও তিন মেয়ে নিয়ে তাঁর অভাবের সংসার। কামালের বড় ছেলে আবু তালেব (২৬) দিনমজুরের কাজ করেন। ছোট মেয়ে তাহমিনা বেগমের বয়স তিন বছর। টাকার অভাবে কেউ শিক্ষার আলো পায়নি। পরিবার পরিকল্পনা কী, তা জানেন কামাল-আমেনা দম্পতি। আগে জানলে এত সন্তান হতো না বলে মন্তব্য করেন আমেনা। একই অবস্থা প্রতিবেশী আবু সৈয়দের। তিনিও একজন শ্রমিক। তিন মেয়ে, চার ছেলেসহ নয় সদস্যের পরিবার চালাতে হিমশিম খেতে হয় তাঁকেও। আবু সৈয়দ ও তাঁর স্ত্রী পরিবার পরিকল্পনা সম্বন্ধে কিছুই জানেন না। পার্শ্ববর্তী ইউনিয়ন মাতারবাড়ীর সাইরার ডেইল এলাকায় বেড়িবাঁধের পাশে বাস করেন আরেক দিনমজুর ইউসুফ হারুন। সাত ছেলেমেয়ে নিয়ে তাঁরও নয় সদস্যের পরিবার। সংসারে অভাব-অনটন লেগেই থাকে। তাঁর বড় ছেলে মনির হোসেনের বয়স ২০। ছোট মেয়ে সাবিনা ইয়াছমিনের বয়স দেড় বছর। ইউসুফ সাগরে মাছ ধরে কোনো রকমে সংসার চালান। তবে ছেলেমেয়ে কেউ লেখাপড়া করে না। তাঁর স্ত্রী রোকেয়া বেগম বলেন, ‘একজন পরিবারকল্যাণ সহকারী এলাকায় আছে, শুনেছি। কিন্তু এখানে আসেননি।’ মাতারবাড়ীর দক্ষিণ মগডেইল বেড়িবাঁধের ওপর বসবাসরত খতিজা বেগম বলেন, ‘জন্মনিয়ন্ত্রণ কী, জানিলে নাওয়া (নয়টি) পোয়া ন ওয়াইতাম (জন্ম দিতাম না)। পোয়া বেশি অগিয়ই এতাল্লাই দুইবার পেট ভইরা হাইন্য পারির (পেট ভরে খেতে পারি না)।’তবে ইউনিয়ন পরিবারকল্যাণ সহকারী লুলু আরা দাবি করেন, জন্মনিয়ন্ত্রণের ব্যাপারে নারীদের বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হচ্ছে। শিক্ষার অভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক চৌধুরী জানান, ২০০১ সালে এলাকার জনসংখ্যা ৩৭ হাজার হলেও বর্তমানে তা প্রায় ৫৭ হাজারে এসে ঠেকেছে। ১০ বছরে জনসংখ্যা ২০ হাজার বেড়েছে। তিনি বলেন, বাল্যবিবাহ ও বহুবিবাহের কারণে লোকসংখ্যা বাড়ছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে দায়িত্বরত মোহাম্মদ আব্বাস আলী জানান, উপজেলায় সক্ষম দম্পতি আছেন ৪৯ হাজার ৬৮৯ জন। এর মধ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেন ৩৮ হাজার ১৯৬ জন। প্রত্যেক বাড়িতে মাঠকর্মী না যাওয়ার অভিযোগের সত্যতা স্বীকার করে তিনি জানান, পরিবারকল্যাণ সহকারীদের সপ্তাহে তিন দিন এখন কমিউনিটি ক্লিনিকে বসতে হয়। বাকি তিন দিন মাঠ পর্যায়ে যান। কিন্তু ওই সময়ের মধ্যে সব এলাকায় যাওয়া সম্ভব হয় না।