স্বাস্থ্যকেন্দ্রে দুই বছর ধরে তালা ঝুলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে দুই বছর ধরে তালা ঝুলছে। এর ফলে এলাকার ১০-১২টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। একইভাবে ইউনিয়নের সব কমিউনিটি ক্লিনিকও বন্ধ রয়েছে।শিমুলবাক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি এ নিয়ে কথা বলতে বলতে হয়রান। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী-ভিমখালী সড়কের মুক্তাখাই গ্রামের পাশে এই স্বাস্থ্যকেন্দ্রের দোতলা একটি ভবন রয়েছে। ১০ বছর আগে এটি নির্মাণ করা হয়েছিল।গতকাল সোমবার বেলা ১১টার দিকে ওই স্বাস্থ্যকেন্দ্রে দিয়ে দেখা যায়, তালা ঝুলছে। কোনো চিকিৎসক বা কর্মকর্তা-কর্মচারী নেই। গ্রামবাসী জানায়, এটি দুই বছর ধরে পুরোপুরি বন্ধ। গ্রামের সানজব আলী ও মাসকু মিয়া জানান, এটি চালু হওয়ার পর তিন বছর এলাকাবাসী সেবা পেয়েছেন। তখন চিকিৎসক ছিলেন। এলাকার লোকজন এখান থেকে সেবা নিতেন। এরপর চিকিৎসক মাঝেমধ্যে না থাকলেও স্বাস্থ্য সহকারী, মাঠকর্মীরা মা ও শিশুদের সেবা দিতেন। কিন্তু দুই বছর ধরে এটি একেবারে বন্ধ। মুক্তাখাই গ্রামের সুফিয়া বেগম বলেন, ‘আগে অসুখ-বিসুখ হইলে আমরা ওই হাসপাতালে যাইতাম। বাচ্চাদের টিকা দেওয়াইতাম। অখন রোগ অইলে সুনামগঞ্জ যাওয়া লাগে।’ইউপির চেয়ারম্যান মুহাম্মদ আবদুল্লাহ জানান, চিকিৎসাসেবার জন্য তাঁর ইউনিয়নের ১০-১২টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ এই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের ওপর নির্ভরশীল। কিন্তু এটি বন্ধ থাকায় তারা সেবা পাচ্ছে না। এখন কোনো সমস্যা হলে সুনামগঞ্জ সদর হাসপাতালে যেতে হয়। তিনি বলেন, ‘আমার জানামতে, এখানে সেবা দেওয়ার লোক ছাড়া আর সবকিছুই আছে। এটা যদি বন্ধই থাকবে, তাহলে এত টাকা ব্যয় করে শুধু ভবন বানানোর কি দরকার ছিল?’সুনামগঞ্জের সিভিল সার্জন এ টি এম এ রকিব চৌধুরী বলেন, ‘এ কেন্দ্রের ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। বিষয়টি সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলতে পারবেন।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল হাকিম বলেন, ‘এই কেন্দ্রে কোনো চিকিৎসক নেই, তবে কেন্দ্রটি যে একেবারে বন্ধ হয়ে আছে, এটা আমি জানি না।’আবদুল হাকিম জানান, পুরো জেলাতেই চিকিৎসকের সংকট রয়েছে। যাঁদের অ্যাডহক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, তাঁরাও একে একে বদলি হয়ে চলে যাচ্ছেন। এ ইউনিয়নের বন্ধ কমিউনিটি ক্লিনিকগুলো আগামী এক মাসের মধ্যে চালু করবেন বলে জানান তিনি।