স্বাস্থ্যকেন্দ্রে না গিয়ে বেতন তুলছেন ১১ মাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন তানজিনা রহমান যোগদানের ১১ মাস পরও স্বাস্থ্যকেন্দ্রে যাননি। চাকরি না করেও তিনি নারায়ণগঞ্জের নয়ামাটির বাড়িতে বসে নিয়মিত বেতন-ভাতা গুনছেন বলে অভিযোগ পাওয়া গেছে।তবে তানজিনা রহমান মুঠোফোনে প্রথম আলোকে জানান, গত ১৮ জানুয়ারি থেকে তিনি মাতৃত্বকালীন ছুটিতে আছেন। আগামী জুলাই মাসে তাঁর ছুটি শেষ হবে। তাহলে ১৮ জানুয়ারির আগের দিনগুলোতে স্বাস্থ্যকেন্দ্রে যাননি কেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর উত্তর আমার জানা নেই। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞেস করুন। তাঁরাই ভালো বলতে পারবেন।’সহকারী সার্জন তানজিনা রহমানের দীর্ঘ অনুপস্থিতিতে বেগমপুর ইউনিয়নের ১৯টি গ্রামের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ওই গ্রামের কলেজছাত্র আশরাফুল ইসলাম জানান, তানজিনা রহমানের দীর্ঘ অনুপস্থিতির বিষয়টি জেলার সিভিল সার্জন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন হিসেবে তানজিনাকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় ২০১০ সালের ১ জুলাই। উপ-স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা সহকারী এ কে এম মজিবর রহমান ও কর্মচারী জাহিরুল ইসলাম জানান, তৎকালীন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জেড এইচ এম ওয়াহিদ আশরাফ দেলওয়ার সহকারী সার্জন তানজিনা রহমানকে সঙ্গে করে বেগমপুর আসেন। ১ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তবে যোগদানের দিন কোনো রোগী না দেখেই চুয়াডাঙ্গায় ফিরে যান। তার পর থেকে গত ১১ মাসে একটি দিনের জন্যও এই উপ-স্বাস্থ্যকেন্দ্রে আসেননি তিনি। এসব অনিয়ম প্রসঙ্গে মজিবর রহমান গত ২২ মে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরেই থাকেন চিকিৎসক তানজিনা। তিনি চুয়াডাঙ্গার ওই উপ-স্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন হিসেবে নিয়মিত বেতন-ভাতা তুলেছেন। বেতন-ভাতা প্রাপ্তিতে শুরু থেকেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও একজন কর্মচারী সহযোগিতা করছেন তাঁকে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রধান সহকারী আবু হোসেন জানান, ওই চিকিৎসক প্রতি মাসে নারায়ণগঞ্জ থেকে চুয়াডাঙ্গায় এসে নিজের বেতন-ভাতার বিল তৈরি করেন এবং হিসাররক্ষণ কার্যালয় থেকে বেতনের চেক তুলে নিয়ে যান। কিন্তু এই প্রতিনিধির উপস্থিতিতেই একটি কুরিয়ার সার্ভিসে চিকিৎসক তানজিনার স্বাক্ষরিত বেতন-ভাতার বিল এসে পৌঁছালে আবু হোসেন বিব্রত হয়ে যান। জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা পরিতোষ কুমার ঘোষ জানান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সব চেক ওই কার্যালয়ের পক্ষ থেকে একজন নিয়ে যান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব নম্বরে জমা দেন। এ ব্যাপারে সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জেড এইচ এম ওয়াহিদ আশরাফের (গত ফেব্রুয়ারিতে টাঙ্গাইলে বদলি হয়ে গেছেন) সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ‘আমার দায়িত্বকালে ডাক্তার তানজিনা বেগমপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে যোগাদান করেন। যোগদানের পর কর্মস্থলে না যাওয়ায় তাঁকে একাধিকবার পত্র দেওয়া হয়েছিল। এর পরও তিনি যোগদান করেননি।’ বর্তমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি যোগদানের আগে থেকেই তানজিনা মাতৃত্বকালীন ছুটিতে আছেন। ছুটি শেষ হলেই তিনি কর্মস্থলে যোগ দেবেন বলে জানিয়েছেন।’