স্বাস্থ্যকেন্দ্রে রোগীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসক সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে রোগীর কাছ থেকে ভিজিট আদায়সহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার দুপুরে ফুলঝুরি বাজারে সরেজমিনে দেখা যায়, উপস্বাস্থ্যকেন্দ্রের সীমানাপ্রাচীরের ভেতরে প্রবেশপথের ডান পাশে একটি খুঁটিতে বিশাল আকারের একটি সাইনবোর্ড সাঁটানো। দুপুর সাড়ে ১২টার দিকে কার্যালয়ে ঢুকে তাঁকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ছুটিতে আছেন। চিকিৎসক নেই বলে সেখানে কোনো রোগীও পাওয়া যায়নি।এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো রোগবালাই হলেই তাঁরা প্রথমে এই উপকেন্দ্রে চিকিৎসা নিতে আসেন। কিন্তু চিকিৎসা পেতে হলে চিকিৎসককে তাঁদের ৫০-৬০ টাকা করে ভিজিট দিতে হয়। প্রায় ১৫ বছর ধরে ওই চিকিৎসক এই উপস্বাস্থ্যকেন্দ্রকে ব্যক্তিগত চেম্বার হিসেবে ব্যবহার করছেন।স্থানীয় বাসিন্দা মাসুদ মিয়া জানান, মঙ্গলবার দুপুরে তাঁর ছেলে সুমনের হাত কেটে গেলে তিনি কেন্দ্রের চিকিৎসক সাবিনা ইয়াসমিনের কাছে আসেন। তিনি হাতে ব্যান্ডেজ বেঁধে ব্যবস্থাপত্র লিখে দেন এবং বিনিময়ে ৫০ টাকা দাবি করেন। পরে তিনি ২০ টাকা দিয়ে আসেন। শাহাব আলী জানান, কয়েক দিন আগে তিনি জ্বরের চিকিৎসার জন্য ছেলেকে নিয়ে এখানে আসেন। চিকিৎসক কয়েকটি প্যারাসিটামল বড়ি দিয়ে বলেন, দোকান থেকে বাকি ওষুধ কিনতে হবে। পরে ব্যবস্থাপত্র লিখে দিয়ে তাঁর কাছ থেকে ৫০ টাকা ভিজিট নেন। সাইফুল জানান, চিকিৎসক সাবিনার কাছে চিকিৎসার জন্য গেলে সরকারি-বেসরকারি সময় নেই, ২০ থেকে ৫০ টাকা ভিজিট দিতে হয়। আর ভিজিট নেওয়ার কাজটি করান আরতী নামের একজন আয়ার মাধ্যমে।ফুলঝুরি বাজারের মিলন মেডিকেল হলের ওষুধ ব্যবসায়ী মিলন চন্দ্র জানান, তিনি প্রতিদিন চিকিৎসক সাবিনা ইয়াসমিনের স্বাক্ষরিত পাঁচ-সাতটি ব্যবস্থাপত্রের ওষুধ বিক্রি করেন।স্থানীয় বাসিন্দা ও ফুলঝুরি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ইউসুফ আলী খান জানান, সাবিনা ইয়াসমিন রোগী দেখে টাকা নেন এ অভিযোগ সত্য। কিন্তু তাঁর চিকিৎসায় রোগীরা উপকৃত হয়। তবে সরকারি অফিস সময়ে রোগী দেখে ভিজিট নেওয়া ও হাসপাতালের সামনে সাইনবোর্ড ব্যবহার ঠিক নয়।স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত পরিবার পরিকল্পনা পরিদর্শক মাহমুদা মুকুল জানান, স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে এভাবে সাইনবোর্ড দেওয়া ও রোগী দেখার কোনো নিয়ম নেই।সাবিনা ইয়াসমিন শুক্রবার সকালে মুঠোফোনে বলেন, ‘আসলে স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে সাইনবোর্ড ব্যবহার করার বিষয়টি অন্যায় এটা আমার মাথায় ছিল না। তবে হাসপাতালে দায়িত্ব পালনকালে আমি কোনো রোগীর কাছ থেকে ভিজিট নিই না।’