স্বাস্থ্যকেন্দ্রের আঙিনায় অটোরিকশা স্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর পৌর শহরে অবস্থিত উপস্বাস্থ্য কেন্দ্রের আঙিনা দখল করে সিএনজিচালিত অটোরিকশা স্টেশন গড়ে তোলা হয়েছে। ফলে রোগীদের ওই স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতে অসুবিধা হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রের সীমানাপ্রাচীর না থাকায় অবৈধভাবে এ স্টেশন গড়ে উঠেছে। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা সহকারী প্রণতি রানী অভিযোগ করেন, স্বাস্থ্যকেন্দ্রের ছোট আঙিনায় সখীপুর থেকে বহেড়াতৈল-কালিহাতী যাওয়ার অটোরিকশা স্টেশন গড়ে উঠেছে। আঙিনা ঘেঁষে এ স্টেশন গড়ে ওঠায় রোগীদের খুবই অসুবিধা হচ্ছে। অন্যদিকে অটোরিকশার শব্দে রোগী ও চিকিৎসক উভয়েরই সমস্যা হচ্ছে। রোগী লাইলী বেগম বলেন, হাসপাতালের সামনে এলোমেলো করে অটোরিকশা রাখায় ভেতরে ঢুকতে কষ্ট হয়। অটোরিকশার স্টেশনমাস্টার বাদশা মিয়া বলেন, স্বাস্থ্যকেন্দ্রে রোগী কম। স্টেশন থাকলেও রোগীদের চিকিৎসা নিতে কোনো অসুবিধা হচ্ছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, স্বাস্থ্যকেন্দ্রটির সীমানাপ্রাচীর না থাকায় সহজে অটোরিকশা স্টেশনটি গড়ে উঠেছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে স্টেশনটি সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ বলেন, স্টেশনটি গড়ে ওঠায় রোগীদের চিকিৎসা নিতে অসুবিধা হচ্ছে। শিগগিরই স্টেশনটি উঠিয়ে দিয়ে অন্যত্র স্থাপনের চেষ্টা চলছে।