স্বাস্থ্যকেন্দ্রের এ কী হাল!

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটিতে সকাল নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত রোগীদের সেবা দেওয়ার কথা। কিন্তু গত বুধবার দুপুর ১২টায় সেখানে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রের কাউকে পাওয়া যায়নি। ফটকে ঝুলছিল তালা। এ চিত্র নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের।
কেন্দ্রের আশপাশের বেশ কয়েকজন বাসিন্দার অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের লোকজন নিজেদের ইচ্ছামতো সেটি খোলেন, আর বন্ধ করেন।
বুধবার দুপুর ১২টায় কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, একতলা পাকা ভবনের দরজায় তালা ঝুলছে। প্রায় আধা ঘণ্টা অবস্থান করেও কেন্দ্রে কর্মরত কাউকে পাওয়া যায়নি। স্বাস্থ্যকেন্দ্র-সংলগ্ন বাড়ির বাসিন্দা মো. সাগর বলেন, তিনি গত কয়েক মাসেও এখানে কোনো চিকিৎসককে আসতে দেখেননি।
কেন্দ্রের পাশের বাড়ির গৃহিণী পাপিয়া আক্তার বলেন, স্বাস্থ্যকেন্দ্রটি প্রায় সময় বন্ধ থাকে। কেন্দ্রের পরিবারকল্যাণ পরিদর্শিকা সপ্তাহে দু-তিন দিন আসেন। তবে কোনো চিকিৎসক আসেন কি না, তা তিনি বলতে পারেননি। বেলা দেড়টার দিকে স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছাতারপাইয়া বাজারে দেখা মিলে কেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা আবুল হাসেমের। তাঁর দাবি, কেবলই তিনি স্বাস্থ্যকেন্দ্র থেকে বাজারে এসেছেন।
স্থানীয় সূত্রের অভিযোগ, আবুল হাসেম স্বাস্থ্যকেন্দ্রে না গিয়ে ছাতারপাইয়া বাজারের একটি ওষুধের দোকানে নিয়মিত রোগী দেখেন। ঊর্ধ্বতন কেউ এলেই কেবল স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান। এ অভিযোগ প্রসঙ্গে আবুল হাসেম বলেন, তিনি নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে যান। অফিস সময়ের বাইরে ওষুধের দোকানে বসে রোগী দেখেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কাউছার জানান, ওই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, একজন পরিবারকল্যাণ পরিদর্শিকা ও একজন আয়া আছেন। তিনি জানান, ওই কেন্দ্রে সপ্তাহে ছয় দিন সকাল নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পরিবার পরিকল্পনা সেবা, মায়েদের সেবা ও সাধারণ রোগীদের সেবা দেওয়ার নিয়ম রয়েছে। তিনি জানান, ওই স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলিয়ে রাখার বিষয়ে কেউ তাঁকে জানায়নি।
পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোস্তফা কামাল স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলিয়ে রাখার কথা শুনে বিস্ময় প্রকাশ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ওই কেন্দ্রে কর্মরত ব্যক্তিদের দায়িত্বে অবহেলার বিষয়ে কারণ দর্শাতে বলা হবে।