স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্র এক বছর ধরে নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্রটি এক বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এটি বিকল থাকায় রোগীদের চট্টগ্রাম নগরে কিংবা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে অতিরিক্ত টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৭ জুলাই এক্স-রে যন্ত্রটি সরবরাহ করা হয়। ২০০৮ সালের ৮ আগস্ট এটি সচল করে আনুষ্ঠানিক কাজ শুরু করা হয়। ২০০৯ সালের প্রথম দিকে এটি বিকল হয়ে গেলে পরে আবার মেরামত করে চালু করা হয়। গত ২০১৩ সালের ২৮ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি বিকল পড়ে আছে যন্ত্রটি।
এক্স-রে করাতে আসা সুয়াবিল গ্রামের সাইফুর রহমান বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্রটি খারাপ থাকায় বাইরের বেসরকারি প্রতিষ্ঠান (ল্যাব) থেকে ৩৭০ টাকা দিয়ে করাতে হয়েছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ স্থানীয় ব্যবসায়ী জাকারিয়া সিকদার বলেন, ‘এক্স-রে যন্ত্রটি স্থাপনের পর থেকেই কিছুদিন ছাড়া সব সময় বিকল থাকে। দিনের পর দিন এটি নষ্ট পড়ে থাকায় এলাকার কেউ এটির সেবা পায় না। এতে হাসপাতালের রোগী ও গরিব রোগীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, ‘যন্ত্রটি সরবরাহকারী প্রতিষ্ঠান ট্রান্সমেট লিমিটেড কর্তৃপক্ষ মেরামত করার লক্ষ্যে গত ২০১৩ সালের মার্চ মাসে বিভিন্ন ত্রুটির একটি প্রতিবেদন তৈরি করে সিএমএইচডির (সেন্ট্রাল মেডিসিন হেলথ, ঢাকা) কেন্দ্রীয় কার্যালয়ে পাঠায়। ওই বছরের আগস্টের দিকে এটি মেরামত করে স্থাপন করার পর পুনরায় যন্ত্রটির সার্কিট পুড়ে যায়। তখন থেকেই সেটি বিকল হয়ে পড়ে আছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশিষ দত্ত প্রথম আলোকে জানান, ‘যন্ত্রটি মেরামত করে আনার পর একটি সার্কিট পুড়ে যাওয়ার ফলে বিকল পড়ে আছে। এটি পুনরায় সচল করে চলাচলের উপযোগী করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে লেখা হয়েছে। আশা করি শিগগিরই কার্যাদেশ পেয়ে মেরামতকাজ সম্পন্ন করা হবে।