স্বাস্থ্যকেন্দ্রের কাহিল দশা
ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। দরজা-জানালা ভেঙে পড়ছে। সামান্য বৃষ্টিতে পানি পড়ে পুরো ঘর ভেসে যায়, কাগজপত্র যায় ভিজে। আসবাব নেই বললেই চলে। নেই টয়লেটও। এটি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিত্র।এমন জরাজীর্ণ স্বাস্থ্যকেন্দ্রেও দুর্গাপুর ও পূর্বধলা উপজেলা থেকে প্রতিদিন ৬০-৭০ জন রোগী চিকিৎসা নিতে আসে। এ ছাড়া এটি শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাশে অবস্থিত হওয়ায় প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনায় আহত রোগীরাও আসে। কিন্তু চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ করা সম্ভব হয় না। স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের বসার কোনো ব্যবস্থা নেই। একজন চিকিৎসা কর্মকর্তার পদ থাকলেও দীর্ঘদিন ধরে সেটি শূন্য রয়েছে।জারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, স্বাস্থ্যকেন্দ্রটি দুই উপজেলার সীমান্তে হওয়ায় এখানে পূর্বধলা উপজেলার জারিয়া, ঘাগড়া, ধলামূলগাঁও ও দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লোকজন চিকিৎসা নিতে আসে। তাই এখানে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রয়োজন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপক সাহা বলেন, উপস্বাস্থ্যকেন্দ্রটির অবস্থা আসলেই নাজুক। বিষয়টি সভায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু আজও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।