স্বাস্থ্যকেন্দ্রের জমিতে হবে মার্কেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের জমি সাবেক এক ইউপি চেয়ারম্যান দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে ওই চেয়ারম্যান স্বাস্থ্যকেন্দ্রের জমিতে মাটি ফেলে ভরাট করেছেন এবং পিলার বসিয়েছেন। তিনি সেখানে মার্কেট নির্মাণের চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। তবে সাবেক ওই ইউপি চেয়ারম্যান জমিটি নিজের বলে দাবি করেছেন।এলাকাবাসী ও স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, ২০ বছর ধরে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মৌজায় স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম চলছে। ৪৫ শতাংশ জমির ওপর স্বাস্থ্যকেন্দ্রটি আগে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ছিল। ১ জুলাই রাতে ২০-৩০ জন লোক স্বাস্থ্যকেন্দ্রের দক্ষিণ অংশের পাঁচ থেকে সাত শতাংশ জমিতে মাটি ভরাট ও পিলার বসানোর কাজ শুরু করে। কর্তৃপক্ষ তাদের বাধা দিতে গেলে উল্টো তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা আমানউল্লাহ বলেন, ‘সরকারি দায়িত্ব পালন করতে এসে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’ এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, স্বাস্থ্যকেন্দ্র সরকারিভাবে জমি কিনে দ্বিতল ভবন নির্মাণ করে এবং কাঁটাতারের বেড়া দিয়ে চারদিকে সীমানাপ্রাচীর দেয়। বর্তমানে সেই কাঁটাতারের বেড়া নেই। সম্প্রতি সরকার ওই এলাকাকে পযর্টন অঞ্চল ঘোষণা করায় কিছু ভূমিখেকো ও দখলবাজ স্বাস্থ্যকেন্দ্রের জমি দখলের পাঁয়তারা করছে। অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান শওকত আলী বলেন, ‘ওই জমি আমার বাবা আক্তার কামালের নামে খতিয়ানভুক্ত। এখন আমার নামে খতিয়ান থাকায় সেখানে মার্কেট নির্মাণ করছি। এত দিন চিকিৎসাকেন্দ্রের কর্তৃপক্ষ অবৈধভাবে ভোগ-দখল করে আসছিল। আমি কোনো সরকারি জমি দখল করি নাই।’ বাহারছড়া ইউপির বর্তমান চেয়ারম্যান হাফেজ সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যকেন্দ্রের জমি দখলের ঘটনা খুবই হতাশাজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, ‘এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ টেকনাফের ইউএনও আ ন ম নাজিম উদ্দিন সরকারি চিকিৎসালয়ের জমি দখল করে মার্কেট নির্মাণ দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করেছেন।