স্বাস্থ্যকেন্দ্রের জমির মালিকানা দাবি করে তালা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের (ইউএফডব্লিউসি) জমির মালিকানা দাবি করে গতকাল বুধবার কেন্দ্রে তালা লাগিয়ে দিয়েছে একটি পক্ষ। পরে এলাকাবাসী এতে ক্ষুব্ধ হয়ে তাদের মারধর করে পুলিশে সোপর্দ করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গতকাল সকালে এই স্বাস্থ্যকেন্দ্রের জমির মালিকানা দাবি করে স্থানীয় নূর করিম (৪২), তাঁর ভাই শাহ আলম (৩৫) ও মেয়ে পারভিন আক্তার (১৮) স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা কর্মকর্তা, কর্মচারী ও কয়েকজন রোগীকে ভেতরে রেখে কেন্দ্রের দরজা ও ফটকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে গেলে তাদের গালমন্দ করা হয়। পরে ক্ষুব্ধ লোকজন তিনজনকে ধাওয়া দিয়ে মারধর করে এবং পুলিশে ধরিয়ে দেয়।জানতে চাইলে নূর করিম ও শাহ আলম প্রথম আলোকে বলেন, পূর্বপুরুষের মালিকানাসূত্রে এই জমির মালিক তাঁরা। কিন্তু তাঁরা তাঁদের এই দাবির পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি।নবাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল আলম বলেন, স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়ার খবর শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় তালা ভেঙে কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার করেন।নবাবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসক ফজলুল আজিম জানান, এই ঘটনায় তিনি বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেছেন। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুরশিদ আলম বলেন, জমির মালিকানা দাবি করা লোকজন কোনো দলিলপত্র দেখাতে পারেননি।