স্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের প্রায় ছয় শতক জমি দখল করে ছয়টি দোকানঘর ও বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান সরকার ও তাঁর এক ভাই প্রভাব খাটিয়ে এগুলো নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্বাস্থ্যকেন্দ্র কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে বেলকা বাজারের কাছে ২৪ শতক জমিতে স্বাস্থ্যকেন্দ্রের জন্য একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়। এখানে একজন উপসহকারী কমিউনিটি চিকিত্সা কর্মকর্তা, একজন ফার্মাসিস্ট ও পরিবার পরিকল্পনা বিভাগের দুজন কর্মকর্তা আছেন। এখানে বহির্বিভাগে প্রতিদিন গড়ে ১৫০-২০০ রোগীর প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যকেন্দ্রের ভবন ঘেঁষে পশ্চিম পাশে পাঁচ শতক জায়গা দখল করে ছয়টি দোকানঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে দুটি টিনশেড ও চারটি পাকা ঘর। পাকা ঘরগুলোর নির্মাণকাজ দুই মাস আগে শুরু করা হয়। গত বছর নির্মিত টিনসেড ঘর দুটির মধ্যে একটি মাসিক ৫০০ টাকায় এক কম্পিউটার ব্যবসায়ীর কাছে ভাড়া দেওয়া হয়েছে। অপরটিতে উপজেলা চেয়ারম্যানের ছেলে সুলতান মাহমুদ বই বিক্রির দোকান দিয়েছেন।কম্পিউটার ব্যবসায়ী বেলকা গ্রামের শাহিন মিয়া বলেন, ‘অবৈধ দখলের বিষয়টি আমার জানা নেই। ১০ হাজার টাকা জামানত ও মাসিক ৫০০ টাকা ভাড়া দিয়ে এই ঘরে ব্যবসা করছি।’ সুলতান মাহমুদ দাবি করেন, অবৈধভাবে দখল করা হয়নি। জায়গা পড়ে থাকায় দোকানঘর তুলে ব্যবসা করা হচ্ছে। কয়েকটি দোকান ভাড়া দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জনকে মৌখিকভাবে জানানো হয়েছে। শতকপ্রতি ৩০ টাকা ভাড়া হিসাবে সিভিল সার্জনের মাধ্যমে সরকারি খাতে জমা দেওয়া হবে।সিভিল সার্জন আহাদ আলী বলেন, ‘জায়গা ব্যবহার বা ভাড়ার বিষয়ে আমার সঙ্গে উপজেলা চেয়ারম্যান ও তাঁর ছেলের কোনো কথা হয়নি। এ ছাড়া ভবনের পূর্ব পাশে উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই আহসান হাবীব পাকা সীমানাপ্রাচীর দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখল করেছেন। এভাবে স্বাস্থ্যকেন্দ্রের প্রায় ছয় শতক জায়গা বেদখল হয়ে গেছে।’আহসান হাবীব জায়গা দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রের দুই হাত জায়গা ছেড়ে প্রাচীর দিয়েছি।’ বেলকা গ্রামের বাসিন্দা আকরামুল হক বলেন, প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ায় স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন রিকশাভ্যান ও অটোরিকশায় করে শত শত লোক চিকিত্সা নিতে আসে। কিন্তু ভবনের সামনে দোকানঘর থাকায় রিকশাভ্যান রাখা যায় না।উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহেদুজ্জামান সরকার বলেন, প্রভাব খাটিয়ে জায়গা দখলের অভিযোগ সঠিক নয়। তিনি দাবি করেন, ‘দোকানঘরের জায়গা বাদ রেখে ওই স্বাস্থ্যকেন্দ্রের জন্য আমিই ২৪ শতক জায়গা দান করেছি। তাই দোকানঘর নির্মাণ করছি।’স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিত্সা কর্মকর্তা আবদুর রহমান জায়গা দখল হয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ছোট চাকরি করি। প্রভাবশালীরা দখল করলে আমাদের বলার কিছু থাকে না। তার পরও বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’