স্বাস্থ্যকেন্দ্রের পাশে অস্বাস্থ্যকর অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি হো​ক না হোক, ওয়ারীর র‍্যাঙ্কিন স্ট্রিটের এই সড়ক পয়োনালার পানিতে সয়লাব থাকে প্রতিদিনই l ছবি: প্রথম আলো
বৃষ্টি হো​ক না হোক, ওয়ারীর র‍্যাঙ্কিন স্ট্রিটের এই সড়ক পয়োনালার পানিতে সয়লাব থাকে প্রতিদিনই l ছবি: প্রথম আলো

পুরান ঢাকার ওয়ারী র্যা ঙ্কিন স্ট্রিটে হেলথ কেয়ার সেন্টারের পাশের রাস্তাটিতে চলাচল করতে গিয়ে পথচারী থেকে যানবাহন আরোহী—সবাই আড়ষ্ট হয়ে পড়েন। সেখানে রাস্তার ওপর ছড়িয়ে থাকে পয়োলাইনের তরল বর্জ্য। রাস্তার নিচ থেকে নিরন্তর বেরোচ্ছে এই দুর্গন্ধযুক্ত পানি। নর্দমার বেশির ভাগ ঢাকনা (স্ল্যাব) হাঁ করে খোলা। প্রতিদিন কেউ না কেউ দুর্ঘটনায় পড়ছেন।
যোগীনগরে যাওয়ার বিপরীত দিকে এই রাস্তা। গতকাল সোমবার দুপুরে গিয়ে এলাকাবাসী ও বাইরে থেকে আসা মানুষের দুর্দশার চিত্র চোখে পড়ে। একটি স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্রের (হেলথ কেয়ার সেন্টার) ঠিক পাশে এমন অস্বাস্থ্যকর অবস্থা। সুস্থ মানুষও হয়ে পড়ছেন অসুস্থ। স্থানীয় লোকজন বাস করছেন অস্বস্তিতে। আশপাশের বাসিন্দারা বছরের পর বছর রাস্তাটিকে এমন অবস্থায় দেখছেন বলেও জানান। মাঝে মাঝে রাস্তা মেরামত করা হলে ঠিক এই অংশটি কয়েক দিনের মধ্যেই খারাপ হয়ে যায়।
হেলথ কেয়ার সেন্টারের পাশের গলিতে একটি বহুতল ভবনে থাকেন মোহন তালুকদার নামে বেসরকারি সংস্থায় কর্মরত একজন চাকরিজীবী। তিনি বলেন, জয়কালী মন্দির সড়ক মেরামতের পাশাপাশি ড্রেনেজ লাইন করার কারণে এলাকায় লারমিনি স্ট্রিটে বৃষ্টি হলে আগে যেমন জলাবদ্ধতা হতো, এখন তা হয় না। কিন্তু তাঁদের গলিতে বৃষ্টি না হলেও পানি জমে থাকে। সঙ্গে আসে রাস্তা ভেদ করে বেরোনো মলমূত্রভরা দুর্গন্ধযুক্ত পানি। এই পানি পেরিয়ে কোনো অতিথি বাসায় আসতে চান না। সম্প্রতি এক আত্মীয় পরিবার এসেছিল। খেতে বসে ১০ বছরের বাচ্চাটি বমি আসছে বলে চিৎকার করতে থাকে। সে আর খেতেই পারেনি।
হেলথ কেয়ারের একজন কর্মী বলেন, রোগীরা এখানে চিকিৎসাসেবা নিতে এসে বিরক্তি প্রকাশ করেন। উপস্থিত একজন রোগীর আত্মীয় দীন মোহাম্মদ বলেন, তাঁর বড় ভাই সেবা নিতে এসেছেন, হেলথ কেয়ারের পাশে সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে দুর্গন্ধে তিনি নিজেও অসুস্থ বোধ করেন।
এলাকার লাবণ্য ড্রাই ক্লিনার, অঞ্জনস, টাচ্ কালেকশনের লোকজনও সড়কের এই অবস্থার জন্য দুর্ভোগ পোহাচ্ছেন বলে জানান। স্থানীয় একটি রূপ পরিচর্যা কেন্দ্রে আসার সময় গতকাল রিকশা থেকে ভাঙা রাস্তায় পড়ে যান এক তরুণী। ময়লা পানিতে পোশাক ভিজে যাওয়ায় তিনি ব্রিবতকর অবস্থায় পড়েন।
ওই রাস্তার উত্তর দিকে কাপ্তানবাজার যাওয়ার রাস্তার মুখেও জমে আছে পানি। রাস্তার গর্তের কারণে রিকশা, অটোরিকশা, ব্যক্তিগত গাড়িকে চলতে হচ্ছে সাবধানে, ধীরগতিতে। ফলে এলাকায় যানজট নিয়মিত হয়ে পড়ছে।
এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪১ নম্বর ওয়ার্ডের। গত রাতে যোগাযোগ করা হলে ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হাসান বলেন, যোগীনগরের একটি নর্দমা লাইন হেলথ কেয়ার সেন্টারের পাশের রাস্তায় ঢুকে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। খুব শিগগির এ সমস্যার সমাধান করা হবে। জয়কালী মন্দির এলাকার সমস্যাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।