স্বাস্থ্যকেন্দ্রের মেঝেতেই চিকিৎসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ওয়ার্ডের মেঝেতে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা ওয়ার্ডের মেঝেতেও জায়গা পায়নি, তারা ঠাঁই নিয়েছে স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায়।
স্বাস্থ্যকেন্দ্রের শিশুরোগ বিশেষজ্ঞ এইচ এস রাশেদুল আলম বলেন, ‘ওয়ার্ডে পর্যাপ্ত শয্যা না থাকায় শিশুসহ ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগীদের মেঝে এবং বারান্দায় থাকার ব্যবস্থা করা হয়েছে। অথচ ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগীদের পর্যাপ্ত গরম প্রয়োজন। তাদের বারান্দার মেঝেতে থাকতে দিয়ে আমার নিজেরও খারাপ লাগছে।’
গতকাল বুধবার সকালে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, ৩১টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ৪৮ জন। এদের মধ্যে ২২ জন ডায়রিয়া এবং ১৭ জন শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত। তাদের অধিকাংশ শিশুই রয়েছে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় পাতা বিছানায়।
মেঝেতে বিছানা পেতে ১০ মাস বয়সী রাজীবকে শ্বাসকষ্টের চিকিৎসা করাচ্ছেন উপজেলার কাঞ্চননগর গ্রামের কৃষক আবুল কালামের স্ত্রী রোজিনা আকতার।
তিনি জানান, বাইরের ক্লিনিকে চিকিৎসা করানোর মতো টাকা তাঁদের নেই। নিরুপায় হয়ে প্রচণ্ড গরমের মধ্যেও শিশুটিকে নিয়ে মেঝেতে আশ্রয় নিয়েছেন।
উপজেলার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ বলেন, ‘তাঁর ১১ মাস বয়সী ছেলের ডায়রিয়া হয়েছে।
দুই দিন ধরে হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা করাচ্ছেন। রাতে প্রচণ্ড গরম ছেলেকে আরও কাবু করে দেয়। তখন লোড়শেড়িংয়ের ফলে আরও বেশি ভোগান্তি হয়।’
সুন্দরপুর গ্রামের আবুল হাসনাত তিন দিন ধরে মেয়ে সাদিয়াকে নিয়ে ওয়ার্ডের বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, ‘রোগীর যে ভিড় কর্তৃপক্ষ আমাকে একটি সিট দেবে এমন কথা বলার কোনো সুযোগ নেই। প্রচণ্ড গরমে কষ্ট হলেও কিছু করার নেই। এর পরও হাসপাতালে থাকতে হবে।’
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা দেবাশীষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘গত ২৮ মে স্বাস্থ্যকেন্দ্রটি ৫০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন হলেও এখনো আগের জনবল ও অবকাঠামো দিয়েই এটির কার্যক্রম চলছে।
এখানে প্রতিদিনই ধারণক্ষমতার বেশি রোগী ভর্তি হয়। অতিরিক্তদের বারান্দা এবং মেঝেতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।’
ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘রোগীদের অতিরিক্ত চাপ সামাল দিতে চলতি অর্থবছরেই স্বাস্থ্যকেন্দ্রের জনবল ও অবকাঠামো তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’