স্বাস্থ্যঝুঁকি জেনেও তামাকের কাজ করেন নারী-কিশোরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় তামাকের কাজে প্রতিনিয়ত বাড়ছে নারী শ্রমিকের সংখ্যা। উপজেলার অনেক কিশোরও অনিয়মিতভাবে এ ঝুঁকিপূর্ণ কাজ করে। কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই তামাক বাছাইয়ের কাজ করায় শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে তারা।
দীঘিনালায় তামাক প্রক্রিয়াজাতের মোট কারখানা তিনটি। এর মধ্যে দুটি বাঁচা মরুং, অপরটি পবাখালী এলাকায় অবস্থিত।
সম্প্রতি সরেজমিনে এসব গুদামে গিয়ে দেখা যায়, সেখানে তামাক প্রক্রিয়াজাতের কাজ করছেন শতাধিক নারীশ্রমিক। তবে তাঁদের কারও নাকে-মুখে সুরক্ষামূলক কোনো আচ্ছাদন নেই। এই শ্রমিকেরা জানেন, তামাকের কাজ করলে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। এরপরও পেটের তাগিদে তাঁরা কাজ করতে বাধ্য হচ্ছেন।
বাঁচা মরুং এলাকায় একটি গুদামে তামাক বাছাইয়ের কাজ করেন বেলছড়ি গ্রামের মানিক জান বেগম (৭০)। তিনি বলেন, ‘আমি ছয় বছর ধরে তামাক বাছাইয়ের কাজ করছি। এখন শ্বাসকষ্ট হয়েছে, প্রচণ্ড কাশি হয়। নিয়মিত কাশি ও শ্বাসকষ্টের ওষুধ সেবন করি। গরিব মানুষ। উপায় নেই। রোগ নিয়েও পেটের তাগিদে কাজ করতে বাধ্য হচ্ছি।’
মল্লিকা বেগম (৬০) বলেন, ‘সারা দিন তামাকের কাজ শেষে বাড়িতে গেলে খেতে পারি না। মুখে অরুচি হয়, বমি বমি ভাব হয়। মাথা ঘোরে।’
এই গুদামে ৮০ জন নারী তামাক বাছাইয়ের কাজ করেন। বেতন পান ১২০ টাকা করে। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করতে হয়। কথা বলে জানা গেল, নারীশ্রমিকদের সবার কম-বেশি কাশি ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। এলাকায় অন্য কোনো কাজ নেই। তাই তামাক বাছাইয়ের কাজ করলে সমস্যা হবে জেনেও তাঁরা কাজ করতে বাধ্য হচ্ছেন।
একই গুদামে তামাকের কাজ করে দশম শ্রেণির ছাত্র জুয়েল রানা (১৫), মো. মানিক (১৬), মো. জসিম (১৬), মো. জুনায়েদ হোসেনসহ (১৬) আটজন। তারা জানায়, এখন বিদ্যালয় বন্ধ, তাই তারা দৈনিক ২০০ টাকায় তামাকের কাজ করছে। তামাকের গন্ধে দম বন্ধ হয়ে আসে। খুব খারাপ লাগে, খাওয়াদাওয়া করতে ইচ্ছা করে না। পরিবার গরিব, তাই কিছু টাকা আয়ের আশায় এ কাজ করছে তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রুবায়েত আনোয়ার বলেন, তামাক প্রক্রিয়াজাত করার সময় ক্ষতিকর নিকোটিন শরীরে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ করে। ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ধীরে ধীরে শ্বাসকষ্ট, কাশি, ফুসফুস সংক্রমণসহ বিভিন্ন রোগ বাসা বাঁধে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০১৫ সালে এ হাসপাতালে শ্বাসকষ্টে আক্রান্ত ৮ হাজার ৫২৫ জন চিকিৎসা নিয়েছে। এর মধ্যে মারাত্মক শ্বাসকষ্টে ছিল ৮৫ জন। ২০১৬ সালে মোট সংখ্যাটা ছিল ৭ হাজার ২৪৭ জন। কিন্তু মারাত্মক শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩৪ জনে। আর চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) এ সংখ্যা ৩ হাজার ৮১৮। এর মধ্যে মারাত্মক শ্বাসকষ্টের রোগী ২৯ জন।
চিকিৎসা কর্মকর্তা রুবায়েত আনোয়ার বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা অধিকাংশ শ্বাসকষ্টের সব রোগী কোনো না কোনোভাবে তামাকের কাজে জড়িত। তামাকের কারণে মুখে সংক্রমণ হওয়ার রোগী অনেক পেয়েছি।’ তিনি বলেন, প্রতিবছর বিশ্বে ৬০ লাখ লোক তামাক-সংশ্লিষ্ট রোগে মারা যায়। আর শিশু মৃত্যুর ঘটনার ২৮ শতাংশ ক্ষেত্রেই তামাকের সংশ্লিষ্টতা রয়েছে।