স্বাস্থ্যঝুঁকি নেই হাওরাঞ্চলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগাম বন্যা হওয়ার পরও কিশোরগঞ্জের হাওরাঞ্চলে স্বাস্থ্যঝুঁকি নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল। গতকাল শনিবার দলটি কিশোরগঞ্জের হাওরাঞ্চল পরিদর্শন করে। পরে এ নিয়ে তারা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খানের নেতৃত্বে দলটি সকাল থেকে দুপুর পর্যন্ত ইটনা, মিঠামইন ও করিমগঞ্জ পরিদর্শন করে। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইমারি হেলথকেয়ারের পরিচালক খালেদা ইসলাম, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা প্রমুখ।
সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান খান বলেন, আগাম পানি আসার কারণে হাওরাঞ্চলে একটি মানুষও ডায়রিয়া, কলেরা, আমাশয় বা চর্মজনিত কোনো রোগে আক্রান্ত হয়নি। বরং অন্য সময়ের চেয়ে হাওরাঞ্চলের হাসপাতালগুলোয় এখন রোগীর সংখ্যা কম পাওয়া গেছে।
হাওরাঞ্চলে ধান পচার তীব্র দুর্গন্ধে আশপাশে টেকা দায়। এ কারণে অনেকের বমি হচ্ছে। এরপরও হাসপাতালে রোগীর সংখ্যা কম কেন—এমন প্রশ্নের উত্তরে হাবিবুর রহমান খান বলেন, ‘মানুষ যখন কাজে ব্যস্ত থাকে তখন রোগব্যাধি তেমন আক্রান্ত করতে পারে না। হাওরের মানুষ এখন কাজে ব্যস্ত। তাই অন্যান্য সময়ের তুলনায় হাসপাতালে এখন রোগীর সংখ্যা কম। হাসপাতাল কর্তৃপক্ষ ও কৃষকসহ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পানিবাহিত রোগসহ অন্য রোগে আক্রান্ত একটি রোগীরও সন্ধান পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। কোনো সমস্যা হলে আমরা চলে আসব।’
অতিরিক্ত সচিব বলেন, গত ৫০ বছরে হাওরে চৈত্র মাসে কখনো এভাবে পানিতে ফসল ভেসে যায়নি। এবার চৈত্রের দ্বিতীয় সপ্তাহ থেকে অন্য সময়ের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি বৃষ্টিপাত হয়েছে। সে জন্য হাওরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ কৃষকের সর্বনাশ হয়েছে। তাঁদের পরবর্তী অবলম্বন না আসা পর্যন্ত সরকার পাশে থাকবে। চালের দাম কিছুটা বাড়লেও জাতীয়ভাবে এর প্রভাব পড়বে না। কারণ, সরকারের খাদ্যগুদামে লাখ লাখ মণ চাল মজুত থাকে। একসময় বিদেশ থেকে চাল আমদানি করা লাগত। এখন আর সেটা করতে হয় না।
হাওরাঞ্চলের হাসপাতালে চিকিৎসকেরা অবস্থান করতে চান না—এমন কথা স্বীকার করেন হাবিবুর রহমান খান। তিনি বলেন, হাওরাঞ্চলে চিকিৎসকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শন ও সংবাদ সম্মেলনকালে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, সিভিল সার্জন মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়া, ডেপুটি সিভিল সার্জন মজিবুর রহমান প্রমুখ।