স্বাস্থ্যঝুঁকি সব রাসায়নিকে, মনোযোগ শুধু ফরমালিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যঝুঁকি সব রাসায়নিকে, মনোযোগ শুধু ফরমালিনে
স্বাস্থ্যঝুঁকি সব রাসায়নিকে, মনোযোগ শুধু ফরমালিনে

খাদ্যে মিলছে বিষাক্ত বালাইনাশকের অবশেষ। পাওয়া যাচ্ছে আরও বিষাক্ত ভারী ধাতু। প্রক্রিয়াজাত খাদ্যে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম রং, চিনি আর রাসায়নিক। আর মাঠপর্যায়ে বাড়ছে ছত্রাকনাশকের ব্যবহার।
অথচ সরকারের নিরাপদ খাদ্য নিশ্চিত করার বেশির ভাগ উদ্যোগ ফরমালিনকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। আর আড়ালে থেকে যাচ্ছে খাদ্যে ব্যবহৃত অন্যান্য বিষাক্ত রাসায়নিকের ক্ষতিকর দিক।
ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৪-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। ফরমালিন আমদানি নিয়ন্ত্রণেও নতুন আইনের খসড়া তৈরি করছে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার নামে এই দুই আইন বড় ভূমিকা পালন করতে পারবে না। কারণ, খাদ্যে প্রয়োগ করা অন্যান্য বিষাক্ত রাসায়নিক নিয়ে সরকারের তেমন মাথাব্যথা নেই।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ২০১৩ সালে বালাইনাশকের ব্যবহার নিয়ে করা গবেষণায় দেখা গেছে, কৃষক এখনো কীট, মাকড় ও ছত্রাকনাশক হিসেবে বিষাক্ত বালাইনাশক আশঙ্কাজনক হারে ব্যবহার করছেন। মাঠপর্যায়ে এই রাসায়নিক ওষুধের ব্যবহারের তদারকি বেশ দুর্বল। রাসায়নিক বিক্রয়কারী কোম্পানিগুলোর ডিলারদের মাধ্যমে কৃষক পর্যায়ে এগুলো অবাধে বিক্রি হচ্ছে। ২০০৪ সালে বিশ্বব্যাংক বাংলাদেশের বালাইনাশকের ব্যবহারের অবস্থা নিয়ে একটি গবেষণা করেছিল। তাতেও ওই একই চিত্র ফুটে উঠেছে।
নিরাপদ খাদ্য নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত করা এক গবেষণায় দেখা গেছে, খাদ্য প্রক্রিয়াজাত ও সংরক্ষণে মানবদেহের জন্য ক্ষতিকারক দ্রব্য প্রয়োগ দিন দিন বাড়ছে। কৃত্রিম রং, কৃত্রিম চিনি ও খাদ্য সংরক্ষণে অবৈধভাবে ব্যবহৃত হচ্ছে রাসায়নিক। এসব রাসায়নিকের অবশেষ উৎপাদিত শস্য, সবজি, ফল ও দুধের মধ্যে থেকে যাচ্ছে; যা মানবদেহে ক্যানসার, হৃদ্রোগসহ নানা ধরনের রোগের জন্ম দিচ্ছে। দেশের সাতটি বড় খাদ্য প্রক্রিয়াজাত কোম্পানির পণ্য পরীক্ষা করে এ তথ্য পেয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) ‘খাদ্য কতটা নিরাপদ?’ শীর্ষক গবেষণার অংশ হিসেবে এই গবেষণা করেছিল কৃষি বিশ্ববিদ্যালয়।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউট ও সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট প্রধান খাদ্যগুলো পরীক্ষা করে আরও আশঙ্কাজনক ও ক্ষতিকারক বস্তুর সন্ধান পেয়েছে। তাদের একাধিক গবেষণায় দেখা গেছে, কীটনাশক, রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত প্রয়োগ আর শিল্পকারখানা থেকে নির্গত হওয়া বিষাক্ত বর্জ্য মাটি ও পানির মাধ্যমে শস্য, ফল ও সবজিতে প্রবেশ করছে, যা খাদ্যের মাধ্যমে চলে যাচ্ছে মানবদেহে। চলতি বছর করা ওই গবেষণাটি বর্তমানে প্রকাশিত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নাজমা শাহীন প্রথম আলোকে বলেন, ফসল রোপণ থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি স্তরে বিভিন্ন ধরনের রাসায়নিক ওষুধ মাত্রাতিরিক্তভাবে প্রয়োগ করা হচ্ছে। বিভিন্ন খাদ্য পরীক্ষা করে এমন সব বিষাক্ত ধাতু পাওয়া গেছে, যা খুবই উদ্বেগজনক। কিন্তু এ বিষয়ে কোনো পূর্ণাঙ্গ চিত্র সরকারের কাছে নেই। সমস্যা চিহ্নিত না করে একের পর এক আইন তৈরি করে লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি।
বিষাক্ত ভারী খাতু: খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউট এবং ডিপার্টমেন্ট অব সমুদ্রবিজ্ঞান বিভাগ যৌথভাবে বিভিন্ন খাদ্যে বিষাক্ত ভারী খাতুর ওপর

একটি গবেষণা করেছে। ২০১৪ সালে শেষ করা ‘হেভি মেটাল কনটেন্ট সিলেকটেড কি ফুডস অব বাংলাদেশ’ শীর্ষক ওই গবেষণায় দেশের বেশির ভাগ প্রধান খাদ্যে মাত্রাতিরিক্ত ক্যাডমিয়াম, আর্সেনিক ও ফসফরাস পাওয়া গেছে।
সংস্থাটি মূলত আটা, খোলা তরল দুধ, গাজর, কলা, বেগুন, পাঙাশ মাছ, তেলাপিয়া মাছ, মুরগির বুকের মাংস ও ডিম নিয়ে পরীক্ষাটি চালিয়েছে। এর মধ্যে বেগুনে সবচেয়ে বেশি ক্যাডমিয়াম, আর্সেনিক ও ফসফরাস পাওয়া গেছে। তেলাপিয়া মাছ ও আমে পাওয়া গেছে লেড। এ ছাড়া ১২ ধরনের সবজি সংস্থাটি পরীক্ষা করে। এগুলো হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, শসা, কাঁচা কলা, মুলা, সবুজ পেঁপে, লালশাক, পালংশাক, মিষ্টি কুমড়া, লাউশাক, লাউ ও করলা।
এই সবজিগুলোতে আর্সেনিক, সিলভার, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, মলিবডেনাম, নিকেল, লেড, অ্যান্টিমনি ও ভেনাডিয়াম নামের বিষাক্ত ভারী ধাতু পাওয়া গেছে। এই ধাতুগুলো মানবদেহের জন্য ক্ষতিকারক মাত্রায় পাওয়া গেছে।
সরকারি সংস্থা কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) শস্য উৎপাদনকারী পাঁচ জেলা বগুড়া, জামালপুর, যশোর, রাজশাহী ও নরসিংদীর ৫০টি সবজির নমুনা নিয়ে পরীক্ষা করেছে। এর মধ্যে ১৩টি নমুনায় কীটনাশকের অবশেষ পেয়েছে। ১১টিতে ক্লোরোফাইফস (ব্যাকটেরিয়ানাশক) এর অবশেষ পেয়েছে। বারির গবেষণায় আরও দেখা গেছে, তিন-চার বছর ধরে সবজি ও অন্যান্য শস্যে কীটনাশক ও মাকড়নাশকের ব্যবহার কমেছে। তবে ব্যাকটেরিয়া নাশকের ব্যবহার বেড়েছে। সবজিতে এমন সব রাসায়নিক ব্যবহৃত হচ্ছে, যার অনুমোদনও নেই।
বারির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ নুরুল আলম প্রথম আলোকে বলেন, মাঠপর্যায়ে গবেষণা চালিয়ে দেখা গেছে, বাজারে এমন অনেক বালাইনাশক পাওয়া যাচ্ছে, যা নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া এসব বালাইনাশক ডিলারদের মাধ্যমে বিক্রি হওয়ায় তাঁরা কৃষককে এর মাত্রা ও ঝুঁকি সম্পর্কে তথ্য দিতে পারছেন না। ফলে কৃষক মাত্রাতিরিক্তভাবে এসব রাসায়নিক ব্যবহার করছে। তাই মাঠপর্যায়ে সব ধরনের বালাইনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে খাদ্য নিরাপদ করা কঠিন হয়ে যাবে।
ছত্রাকনাশকের ব্যবহার বাড়ছে: দেশে বালাইনাশকের ব্যবহারের মাত্রা ও ধরন নিয়ে করা বারির ২০১৩ সালের আরেকটি গবেষণায় দেখা গেছে, ২০১৩ সাল পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ১৮৮টি কীটনাশকের অনুমোদন দিয়েছে। দেশে বর্তমানে তিন হাজার ৩৬৮ নামে এই বালাইনাশক বিক্রি হয়। তিন বছর ধরে এর ব্যবহার কমলেও ছত্রাকনাশকের ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে।
সবজি, ফল ও শস্য সংরক্ষণের সময় যাতে ছত্রাকের আক্রমণ না হয়, সে জন্য ছত্রাকনাশকের ব্যবহার বাড়ছে বলে মনে করছেন বারির বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, সমন্বিত বালাই ব্যবস্থাপনা কর্মসূচির (আইপিএম) মাধ্যমে কীটনাশকের ব্যবহার দেশে অনেক কমিয়ে এনেছে সরকার। কিন্তু ছত্রাকনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে এখন পর্যন্ত বড় কোনো উদ্যোগ নেই।
বারির গবেষণা অনুযায়ী, ১৯৯৬-৯৭ থেকে ২০১০-১১ অর্থবছরের মধ্যে দেশে কীটনাশকের মোট ব্যবহার ৩২৮ শতাংশ বেড়েছে। প্রতি হেক্টরে কীটনাশকের প্রয়োগ বেড়েছে প্রায় ৬০০ শতাংশ। ২০১০-১১ অর্থবছরে দেশে কীটনাশকের ব্যবহার প্রথমবারের মতো কমতে শুরু করে। ওই বছর এর আগের তুলনায় কীটনাশকের ব্যবহার কমেছে তিন হাজার ৩৯৭ মেট্রিক টন।
তিন বছর ধরেই কীটনাশকের ব্যবহার কমতে থাকলেও বাড়ছে ছত্রাকনাশকের ব্যবহার। ২০০৪ সালে দেশে বিক্রি হওয়া বালাইনাশকের মধ্যে কীটনাশকের পরিমাণ ছিল ৬৫ শতাংশ। ১৯ শতাংশ ছিল ছত্রাকনাশক ও মাকড়নাশক ছিল ১৬ শতাংশ। ২০১৩ সালে কীটনাশকের ব্যবহার কমে ৫৭ শতাংশে এসে ঠেকেছে। ছত্রাকনাশকের ব্যবহার বেড়ে হয় ৩৬ শতাংশ, আর মাকড়নাশকের ব্যবহারের পরিমাণ হয়েছে ৭ শতাংশ।
সৈয়দ নুরুল আলমের মতে, ছত্রাকনাশক কীটনাশকের চেয়ে কম বিষাক্ত হলেও এর মাত্রাতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। অনেক ছত্রাকনাশক আছে, যাতে তাপ দিলে তা আরও বিষাক্ত হয়ে ওঠে।