স্বাস্থ্যঝুঁকিতে কিশোরগঞ্জ পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ পৌরসভার প্রায় এক কোটি টাকায় নির্মাণ করা নালার (ড্রেন) দিয়ে বর্জ্য সরানো যাচ্ছে না। তাই নালা পরিষ্কার রাখতে বর্জ্য তুলে রাস্তা ও ফুটপাতে রাখা হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পৌরসভার শোলাকিয়া ও খরমপট্টি এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। পাশাপাশি পথচারীরা নাকে রুমাল চেপে চলাফেরা করছে। চিকিৎসক ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসব বর্জ্যে মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে। রাস্তায় এবং ফুটপাতে তা ফেলে রাখার ফলে এলাকাবাসী ও পথচারীদের শরীরে সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে শিশুদের জন্য তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। পৌরসভা সূত্রে জানা গেছে, নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় ২০০৫-০৬ অর্থবছরে কিশোরগঞ্জ পৌর এলাকার শোলাকিয়া, খড়মপট্টি এলাকায় প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে নালা নির্মাণ করা হয়। এসব এলাকার লোকজনের আবাসিক ভবন, ঘর ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নানা ধরনের বর্জ্য এই নালায় গিয়ে পড়ে।এলাকাবাসী অভিযোগ করে বলেন, বর্জ্য সরানোর জন্য নালার সঙ্গে নরসুন্দা নদীর সংযোগ রাখা হয়েছে। তবে শোলাকিয়া নীলগঞ্জ মোড় থেকে খড়মপট্টির ফিরোজা নার্সিং হোম পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার নালা ত্রুটিপূর্ণ থাকায় বর্জ্য সরছে না। এ অবস্থায় পৌরসভার শ্রমিকেরা কয়েক দিন পর পর নালার ময়লা-আবর্জনা তুলে রাস্তা এবং ফুটপাতে ফেলে রাখছে। কোনো কোনো সময় নালা থেকে বর্জ্য তুলে রাস্তা ও ফুটপাতে শুকানোর জন্য রেখে দেওয়া হয়। পরে ট্রাকে তোলার সময় বর্জ্যের দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়ে। কিশোরগঞ্জের সিভিল সার্জন দীন মোহাম্মদ জানান, নালার পানিতে ক্লিনিকের বর্জ্য ফেলা হয়, যা পুড়িয়ে ফেলার কথা। সেই সঙ্গে মানুষের বর্জ্যও গিয়ে নালায় মিশছে। এতে ব্যাকটেরিয়া থাকে। এগুলো মানবদেহের জন্য ক্ষতিকর। ডায়রিয়া, আমাশয়, কৃমিসহ পেটের পীড়ার জীবাণু বহন করে এসব বর্জ্য। গুরুদয়াল সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান রামচন্দ্র রায় জানান, ব্যাকটেরিয়ার সঙ্গে এতে রাসায়নিক বর্জ্যও থাকতে পারে। এগুলো উঠানোর পর দ্রুত না সরানোর কারণে পরিবেশ দূষিত করছে। এলাকাবাসী দেবরাজ রায় জানান, বর্জ্যের দুর্গন্ধে বাসা থেকে বের হওয়া যায় না। ছেলেমেয়েদের স্কুল-কলেজে যেতে হলে নাকে রুমাল চেপে যেতে হচ্ছে। পৌরসভার পরিচ্ছন্নতা পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) মদিনা আক্তার বলেন, পৌরসভার বর্জ্য পরিবহনের জন্য দুটি ট্রাক আছে, অন্য চারটি নষ্ট। এ কারণে নালার বর্জ্য সঠিক সময়ে আনা সম্ভব না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। পৌর মেয়র তাহের মিয়া দাবি করেন, সঠিকভাবেই নালা নির্মাণ করা হয়েছে। তিনি জানান, নালার বর্জ্য সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ট্রাক নেই। ট্রাক বরাদ্দের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে।