স্বাস্থ্যঝুঁকিতে তামাকচাষিরা

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও মূলত বেশি লাভের আশায় তামাক চাষ করছেন দেশের বিভিন্ন জেলার চাষিরা। আবার ধান ও অন্যান্য ফসল উৎপাদন করে পর্যাপ্ত দাম না পাওয়ার কারণেও তামাক চাষে ঝুঁকছেন অনেকে। দেশে তামাক চাষ হওয়া কয়েকটি জেলার চিকিৎসকেরা বলেন, সেখানে তামাকজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তামাক চাষে নিয়োজিত কৃষক এবং তাঁর পরিবারের সদস্যরাও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ২৪টি জেলায় তামাক চাষ হচ্ছে। ২০১৫-১৬ অর্থবছরে এসব জেলায় তামাক চাষ হয় ১ লাখ ৩ হাজার ২৪৭ একর জমিতে। ২০১৪-১৫ অর্থবছরে সবচেয়ে বেশি তামাক চাষ হয়েছিল কুষ্টিয়া, লালমনিরহাট, নীলফামারী, মানিকগঞ্জ, মেহেরপুর, রংপুর ও বান্দরবানে। তবে আশার কথা হলো, গত অর্থবছরের তুলনায় ২০১৫-১৬ অর্থবছরে মেহেরপুর ছাড়া বাকি প্রায় সব জেলায় তামাক চাষ করা জমির পরিমাণ কমেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্রপস উইংয়ের (ইক্ষু ও অন্যান্য অর্থকরী ফসল) উপপরিচালক মো. মিজানুর রহমান খান প্রথম আলোকে বলেন, তামাক চাষ করা জমির পরিমাণ কমলেও উৎপাদন খুব একটা কমছে না। কারণ, চাষিরা বেশি লাভের আশায় হাইব্রিড তামাক চাষ করছেন। অনেক সময় অন্য শস্যের জন্য সরকারের কাছ থেকে সার নিয়েও তাঁরা তামাক চাষে ব্যবহার করেন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আহসান উদ্দিন নামের এক তামাকচাষি বলেন, ‘লাভের আশায় আশপাশের কৃষকদের দেখাদেখি চাষ শুরু করেছিলাম। তবে তামাক চাষ করার কারণে শারীরিক অনেক সমস্যা হয়। তামাকপাতার গন্ধ হাতে থাকলে খাওয়াদাওয়ায় সমস্যা হয়, কাশি হয়।’
নীলফামারী সদর উপজেলার তামাকচাষি আবদুল কাদের প্রথম আলোকে বলেন, এ বছর তিনি ১৬ হাজার টাকা খরচ করে দুই বিঘা জমিতে তামাক চাষ করেছেন। আয় হয়েছে ৩১ হাজার টাকা। ধান চাষ করে লাভ কম হওয়ার কারণে তিনি তামাক চাষ করছেন।
কেন তামাক চাষ করেন—জানতে চাইলে আবদুস সবুর নামের নীলফামারীর আরেক তামাকচাষি বলেন, ধানের বাজার নেই, সারের দাম বেশি। তামাকে খরচ কম, লাভ বেশি। তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তিনি বলেন, তামাকপাতা কেটে বাড়িতে রাখলে বাচ্চারা বমি করে, কাশি হয়।
লালমনিরহাট সদর উপজেলার এনামুল হক বলেন, তামাক চাষ শুরু করার পর থেকে মাথা ঝিমঝিম করে। শরীরও আগের চেয়ে দুর্বল থাকে। সবচেয়ে কষ্ট হয় ভাত খেতে। কারণ, সাবান দিয়ে হাত ধুলেও তিতা থাকে। কেন তামাক চাষ শুরু করলেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হুজুগে ধরছিলাম, লাভ বেশি পাওয়ার আশায়।’
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক প্রথম আলোকে বলেন, তামাকের উপাদান বাতাসের সঙ্গে মিশে যায়, আর শ্বাসপ্রশ্বাসের সঙ্গে এগুলো কৃষকের শরীরে প্রবেশ করে। তাই যেসব কৃষক তামাক চাষের সঙ্গে জড়িত, তাঁদের হৃদ্রোগ ও উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এ ছাড়া চাষিদের খাওয়াদাওয়ায় সমস্যা হতে পারে। এ ছাড়া শারীরিক দুর্বলতাও দেখা দিতে পারে।
মানিকগঞ্জ সদর হাসপাতালের বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ বিকাশ চন্দ্র তরফদার প্রথম আলোকে বলেন, এই জেলায় শ্বাসপ্রশ্বাসজনিত রোগীর সংখ্যা বাড়ছে। তামাকচাষিদের চর্মরোগ হওয়ার প্রবণতা বেশি লক্ষ করা যায়।
বাংলাদেশ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ প্রথম আলোকে বলেন, অন্যান্য ফসল উৎপাদন করে কৃষকের যেন আয় বেশি হয়, সেদিকে নজর দিতে হবে। তাঁদের প্রযুক্তি ও প্রশিক্ষণ দিয়ে কৃষির বাইরে অন্য ক্ষেত্রেও সহায়তা দিতে হবে।