পাবনায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ, একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ প্রায় ১২টি বড় ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০ হাজার। এর মধ্যে আবাসনব্যবস্থা আছে আড়াই থেকে তিন হাজার শিক্ষার্থীর। এ ছাড়া ৮ থেকে ১০ হাজার শিক্ষার্থী নিজের বাড়িতে থাকেন। বাকি ৩৫ থেকে ৪০ হাজার শিক্ষার্থীকে থাকতে হচ্ছে বিভিন্ন মেসে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আবাসনব্যবস্থা না থাকায় তাঁদের বাধ্য হয়ে মেসে থাকতে হচ্ছে। খরচ বাঁচাতে অনেকেই মেসে গাদাগাদি করে থাকছেন। অধিকাংশ মেসে নিরাপত্তার ব্যবস্থা নেই। পরিবেশ অস্বাস্থ্যকর। খাবার অপুষ্টিকর। রয়েছে বিশুদ্ধ পানির অভাব। ফলে স্বাস্থ্য ও মানসিক ঝুঁকিতে রয়েছেন তাঁদের অনেকে।
পাবনা মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক জুবায়ের মিয়া প্রথম আলোকে বলেন, মেসে শিক্ষার্থীরা অস্বাস্থ্যকরভাবে একই কক্ষে গাদাগাদি করে থাকেন। একই স্থানে বহু মানুষ গোসল করেন এবং একই শৌচাগার ব্যবহার করেন। ফলে বিভিন্ন ধরনের চর্ম, যৌন ও পানিবাহিত রোগের আশঙ্কা থাকে। মেসের খাবার অপেক্ষাকৃত কম পুষ্টিকর হয়। ফলে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিহীনতা দেখা দিতে পারে। এতে তাঁরা পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়েন। অন্যদিকে সুস্থ বিনোদনের অভাবে শিক্ষার্থীদের মধ্যে উদ্বিগ্নতা, বিষণ্নতা ও উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। এতে তাঁদের মাদকাসক্তি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
শহরের ৮ থেকে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলা শহরের বড় ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি শহীদ বুলবুল কলেজ, শহীদ এম মনসুর আলী কলেজ, পাবনা কলেজ, সিটি কলেজ ও আদর্শ মহিলা কলেজে কোনো আবাসনব্যবস্থা নেই। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা মেডিকেল কলেজ, সরকারি এডওয়ার্ড কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট ও সরকারি মহিলা কলেজে কিছু আবাসনব্যবস্থা থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩টি বিভাগে বর্তমানে প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছেন। এঁদের মধ্যে আবাসনসুবিধা পাচ্ছেন মাত্র ৫০০ জন।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রী প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাড়াবাড়িতে আবাসনের ব্যবস্থা করলেও সেখানে গাদাগাদি করে থাকতে হয়। অনেকে রান্নাঘর এবং খাবারঘরেও থাকেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী বলেন, নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষার্থীদের কিছুটা আবাসনের সমস্যা আছে। তবে মেয়েদের জন্য ভাড়া করা ভবনে আবাসনব্যবস্থা করা হয়েছে। আরও ৫০০ শিক্ষার্থীর জন্য নতুন দুটি আবাসিক হলের নির্মাণকাজ চলছে।
জেলার সবচেয়ে বড় ও প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি এডওয়ার্ড কলেজে ১৭টি বিষয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৪ হাজার। কলেজে ছাত্রাবাস রয়েছে তিনটি ও ছাত্রীনিবাস দুটি। এতে আবাসন-সুবিধা পাচ্ছেন মাত্র ৭৫০ জন। কলেজের চারটি বাসে জেলার সুজানগর, কাশিনাথপুর, ঈশ্বরদী ও চাটমোহর এলাকা থেকে গাদাগাদি করে আনা-নেওয়া করা হয় ৩৫০ থেকে ৪০০ জন শিক্ষার্থীকে। বাকি সবাই কলেজের আশপাশে বিভিন্ন মেসে থাকেন।
কলেজের প্রধান সহকারী বাবুল আক্তার বলেন, দুটি নতুন হল ও দুটি বাসের জন্য বহুবার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো বরাদ্দ আসেনি।
সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই হাজার। একটি ছাত্রীনিবাসে আবাসনব্যবস্থা রয়েছে মাত্র ৮৫ জনের। অন্যরা থাকছেন আত্মীয়স্বজনের বাড়ি ও মেসে। নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষার্থী বলেন, তিনি এক আত্মীয়ের বাড়িতে থেকে কলেজ করতেন। সেখানে তাঁকে সাংসারিক সব কাজ করতে হতো। তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতনও চলত। ফলে বাধ্য হয়ে তিনি এখন জেলার চাটমোহরে নিজের বাড়ি থাকেন। ফলে ঠিকমতো ক্লাস করতে পারছেন না।
শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি স্বীকার করে কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক বলেন, ‘একটি আবাসিক হল নির্মাণ করার জন্য বরাদ্দ চেয়ে দীর্ঘদিন ধরে আমরা আবেদন করে আসছি। কলেজের পর্যাপ্ত জমিও আছে, কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে না।’
সরকারি শহীদ বুলবুল কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। অধিকাংশ শিক্ষার্থী জেলার বিভিন্ন গ্রাম থেকে এসে এখানে পড়ালেখা করেন। কিন্তু দীর্ঘদিনেও কলেজটিতে কোনো আবাসনব্যবস্থা করা হয়নি।
পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার। এখানে ৫০ আসনের একটি ছাত্রীনিবাস এবং ২০৫ আসনের একটি ছাত্রাবাস রয়েছে। দীর্ঘদিনের পুরোনো হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ভবনগুলো। অধিকাংশ ভবনে বড় বড় ফাটল দেখা দিয়েছে।
ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মুরাদ হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আবাসনসংকটে ছেলেরা পরিত্যক্ত ভবনেই ঝুঁকি নিয়ে থাকছে। আমরা বহুবার নতুন হল চেয়ে আবেদন করেছি। কিন্তু সরকার নতুন হল তৈরির ব্যাপারে অনুৎসাহী।’