স্বাস্থ্যনীতি চূড়ান্ত করতে জাতীয় কমিটি হচ্ছে
স্বাস্থ্যনীতি চূড়ান্ত করতে জাতীয় কমিটি গঠন করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এই কমিটি এক মাসের মধ্যে চূড়ান্ত স্বাস্থ্যনীতি প্রধানমন্ত্রীর কাছে জমা দেবে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে খসড়া জাতীয় স্বাস্থ্যনীতি সম্পর্কে মতামত গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অধিবেশনে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে খুব শিগগির জাতীয় স্বাস্থ্যনীতি কমিটি গঠন করা হবে। স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাসহ বেশকিছু পেশাজীবী সংগঠনের প্রতিনিধিকে এই কমিটির সদস্য করা হবে। তিনি আরও বলেন, দুই দিনের কর্মশালার মতামত ও সুপারিশ খসড়া স্বাস্থ্যনীতিতে অন্তর্ভুক্ত করা হবে। কমিটি খসড়া ওই স্বাস্থ্যনীতি নিয়ে দেশের সব বিভাগে কর্মশালা করে স্বাস্থ্যনীতি চূড়ান্ত করবে।নাম প্রকাশে অনিচ্ছুক প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এক সপ্তাহের মধ্যে ২৫ থেকে ৩৫ সদস্যের এই কমিটি গঠিত হবে। এই কমিটির প্রধান হবেন স্বাস্থ্যমন্ত্রী।মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে গত বছরের জানুয়ারি মাসে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক তিন মাসের মধ্যে স্বাস্থ্যনীতি প্রণয়ন করার কথা বলেছিলেন। মন্ত্রণালয় গত বছরের মে মাসে একটি খসড়া তৈরি করে ওয়েবসাইটে দেয়। প্রথম খসড়া স্বাস্থ্যনীতি প্রণয়ন পদ্ধতি, বিষয়বস্তু ও ভাষা নিয়ে সমালোচনার মুখে পড়ে মন্ত্রণালয়। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) খন্দকার মো. সিফায়েত উল্লাহকে প্রধান করে একটি কমিটি করে মন্ত্রণালয়। ওই কমিটির তৈরি করা খসড়া স্বাস্থ্যনীতি এ বছরের ১৬ জানুয়ারি সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর কয়েকটি এনজিওর সহায়তায় বরিশাল, খুলনা ও চট্টগ্রামে স্বাস্থ্যনীতি সম্পর্কে মতামত সংগ্রহের জন্য তিনটি কর্মশালা করার পর হঠাত্ সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। গতকালের অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক বলেন, ‘সকলের জন্য স্বাস্থ্য’ নীতিকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যনীতি প্রণয়ন করা হবে। তিনি বলেন, খুব শিগগির এই নীতি চূড়ান্ত করা হবে।সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মশালার প্রথম দিনে অংশগ্রহণকারীরা পাঁচটি পৃথক বিষয়ে দলগত মতামত ও সুপারিশ পেশ করেন। বিষয়ের মধ্যে ছিল: প্রাথমিক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, মেডিকেল শিক্ষা ও মানবসম্পদ পরিকল্পনা, সরকারি স্বাস্থ্যসেবা, বেসরকারি ও এনজিও স্বাস্থ্যসেবা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা। প্রতি দলে বিশ্বব্যাংকের একজন করে প্রতিনিধি অংশ নেন। গতকাল মুক্ত আলোচনায় অংশ নিয়ে জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, স্বাস্থ্যনীতিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেওয়া উচিত।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য রশীদ-ই-মাহবুব বলেন, স্বাস্থ্য মানুষের অধিকার। তাই স্বাস্থ্যনীতিতে তার প্রতিফলন থাকা দরকার।