জাতীয় স্বাস্থ্যনীতির ওপর জনমত-সংবলিত পুস্তিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক গতকাল শনিবার পুস্তিকাটি প্রকাশ করেন। এতে বিভিন্ন শ্রেণী-পেশার ৩২ হাজার মানুষের মতামত রয়েছে।এ উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদ্দাচ্ছির আলী, দায়িত্বপ্রাপ্ত সচিব বরুন দেব মিত্র, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণগোপাল দত্ত, মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএমএর নেতারা উপস্থিত ছিলেন।স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০০০ সালে প্রণীত স্বাস্থ্যনীতিকে ভিত্তি ধরে জনমত যাচাই করা হয়। এতে এ পর্যন্ত ৩২ হাজার মানুষ মতামত দিয়েছে। তাদের মতামত নিয়ে এ পুস্তিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত স্বাস্থ্যনীতি প্রণয়নের আগে আরও মানুষের মতামত নেওয়া হবে। তবে কবে নাগাদ নীতিটি প্রণয়ন করা সম্ভব হবে, সে ব্যাপারে সুনির্দিষ্ট সময় বলা সম্ভব নয় বলে মন্ত্রী জানান।জনমত জরিপে যেসব চিকিত্সক ব্যক্তিগতভাবে চিকিত্সা (প্রাইভেট প্র্যাকটিস) করবেন না, তাঁদের প্রণোদনা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য নীতিমালা করার কথা বলা হয় পুস্তিকাতে।পুস্তিকার তথ্য থেকে জানা যায়, সরকারি-বেসরকারি খাতে স্বাস্থ্যসেবায় সম্মিলিতভাবে যে অর্থ বরাদ্দ হয়, তা পর্যাপ্ত নয়। মাথাপিছু জিডিপির মাত্র ৩ দশমিক ২ শতাংশ স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রমের জন্য বরাদ্দ দেওয়া হয়। অথচ এ খাতে বছরে মাথাপিছু ব্যয় হয় ১৩ মার্কিন ডলার বা ৯১০ টাকা। এর মধ্যে সরকারি অংশের পরিমাণ পাঁচ মার্কিন ডলার বা ৩৫০ টাকা। বাকি অর্থ জনগণের পকেট থেকে যায়। সরকার এ ব্যয় ২৪ মার্কিন ডলারে উন্নীত করতে চায়।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নীতিমালায় বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ করতে হলে ১০ হাজার পৃষ্ঠার নীতিমালা করতে হবে। সবকিছু নীতিমালায় রাখা সম্ভব নয়।স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী সবাই সত্। তাই মন্ত্রণালয়ের কারও দুর্নীতি করার সুযোগ নেই। এ সময় একজন সাংবাদিক তাঁর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন। সাধারণ মানুষের পথ্য কেনার জন্য বিশ্বব্যাংকের দেওয়া অনুদানের টাকা ফেরত যাওয়া দুর্নীতির কারণে হয়েছে কি না, তা জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।