স্বাস্থ্যনীতি প্রণয়ন জাতীয় কমিটিই চূড়ান্ত হয়নি, তবে খসড়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্বাস্থ্যনীতি ২০১০ প্রণয়ন জাতীয় কমিটি এখনো চূড়ান্ত করতে পারেনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। তবে জাতীয় স্বাস্থ্যনীতির খসড়া তৈরির কাজ শেষ পর্যায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাধারণত এ রকম জাতীয় কমিটির তত্ত্বাবধানেই কোনো নীতির খসড়া হয়ে থাকে।সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন জাতীয় কমিটি গঠনের পর স্বাস্থ্যনীতি চূড়ান্ত করা হবে। গত মে মাসের শেষ সপ্তাহে মন্ত্রণালয়ের কর্মকর্তারা এক সপ্তাহের মধ্যে এই কমিটি গঠন করে স্বাস্থ্যনীতি চূড়ান্ত করার কথা বলেছিলেন। জুনের মাঝামাঝিতে মন্ত্রণালয় থেকে কমিটির ৪২ সদস্যের একটি তালিকা পাওয়া গেছে। এর প্রধান হলেন স্বাস্থ্যমন্ত্রী। এখন বলা হচ্ছে, তালিকার দুই-একটি নাম পরিবর্তন করা হচ্ছে।স্বাস্থ্য আন্দোলন নেত্রী ফরিদা আখতার বলেন, ‘আমরা শুনছি, স্বাস্থ্যনীতির খসড়া প্রায় চূড়ান্ত। স্বাস্থ্যনীতি প্রণয়ন কমিটি গঠিত হওয়ার আগেই তা লেখা হয়েছে।’ তিনি অভিযোগ করেন, স্বাস্থ্যনীতিকে এক ধরনের বৈধতা দেওয়ার জন্য এই কমিটির কথা বলা হচ্ছে।ফরিদা আখতার বলেন, স্বাস্থ্যনীতি তৈরির প্রক্রিয়ায় পরিবেশ, খাদ্য, পানি, নারী, শ্রমিক—এসব বিষয়ে যাঁরা কাজ করেন, তাঁদের প্রতিনিধিত্ব থাকা দরকার।সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বলেন, অনেক আগেই জাতীয় কমিটি করা উচিত ছিল। এই কমিটির তত্ত্বাবধানে খসড়া তৈরি হলে ভালো হতো। যেমন হয়েছে শিক্ষানীতির ক্ষেত্রে। এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, শিগগিরই জাতীয় কমিটি চূড়ান্ত হবে। কমিটিতে বিরোধী দলের সাংসদদেরও রাখা হয়েছে।গত বছরের জানুয়ারিতে স্বাস্থ্যমন্ত্রী তিন মাসের মধ্যে নতুন স্বাস্থ্যনীতি প্রণয়নের কথা বলেছিলেন। জানা যায়, গত বছরের মাঝামাঝিতে প্রকাশিত প্রথম খসড়ার বিষয়বস্তু ও প্রণয়ন-প্রক্রিয়া নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে মন্ত্রণালয়। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (উন্নয়ন ও চিকিৎসাশিক্ষা) খন্দকার মো. সিফায়েত উল্লাহকে প্রধান করে স্বাস্থ্যনীতির খসড়া চূড়ান্তকরণ কমিটি গঠন করে মন্ত্রণালয়। ওই কমিটি একটি খসড়া তৈরি করে বিভাগীয় শহরগুলোতে সাধারণ মানুষের মতামত নেওয়া শুরু করে। তবে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে তিনটি সভা শেষে ওই প্রক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে যায়।একাধিক সূত্র জানায়, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চাপে ওই প্রক্রিয়া বন্ধ করা হয়। বিএমএর অভিযোগ, স্বাস্থ্যনীতি প্রণয়ন প্রক্রিয়ায় বিএমএকে যথাযথ গুরুত্ব দিয়ে সম্পৃক্ত করা হয়নি। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী ২৪ ও ২৫ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মশালার আয়োজন করেন। কর্মশালায় বিএমএর নেতারা ছাড়াও বিশ্বব্যাংকের পাঁচজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। কর্মশালার শেষ দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছিলেন, এক সপ্তাহের মধ্যে জাতীয় স্বাস্থ্যনীতি ২০১০ প্রণয়ন জাতীয় কমিটি গঠিত হবে। তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে ওই কর্মকর্তা বলেন, জাতীয় কমিটি ও স্বাস্থ্যনীতির সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি কিছু জানেন না।মন্ত্রণালয় থেকে পাওয়া কমিটির তালিকায় বিএনপির স্থায়ী কমিটির একজন নেতার নাম আছে। গতকাল শুক্রবার তিনি প্রথম আলোকে বলেন, কমিটিতে নাম আছে এটি তাঁকে কেউ জানায়নি, তাঁর অনুমতিও নেয়নি। প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যা বলে, তা করে না। আর যা করে, তা না বলেই করে ফেলে।’স্বাস্থ্যনীতির খসড়া তৈরিতে সম্পৃক্ত নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, সব প্রক্রিয়া শেষ করে জাতীয় সংসদে স্বাস্থ্যনীতি পাস হতে আরও চার থেকে পাঁচ মাস লাগবে। তিনটি বিভাগীয় সভা, ঢাকায় কেন্দ্রীয়ভাবে বড় সভা শেষে স্বাস্থ্যনীতি মন্ত্রিসভায় পাস হওয়ার পর তা সংসদে যাবে।