স্বাস্থ্যনীতি প্রণয়নে আবারও কমিটি
স্বাস্থ্যনীতি চূড়ান্ত করতে আবারও একটি কমিটি গঠন করা হয়েছে। ১৩ সদস্যের এ কমিটি দুই সপ্তাহের মধ্যে এই নীতির খসড়া চূড়ান্ত করবে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় স্বাস্থ্যনীতি ২০১০ প্রণয়ন জাতীয় কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, দুই-এক মাসের মধ্যে স্বাস্থ্যনীতি চূড়ান্ত হবে।স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের বিগত আমলের স্বাস্থ্যনীতি এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব খসড়া হয়েছে তার সমন্বয় করবে এই নতুন কমিটি। তিনি বলেন, ‘ছোট এই কমিটি ১৫ দিনের মধ্যে জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করে জাতীয় কমিটির কাছে চূড়ান্ত খসড়া জমা দেবে। আশা করছি, এক মাসের মধ্যে তা চূড়ান্ত হবে।’স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি স্বাস্থ্যনীতি প্রণয়নের জন্য ৪৩ সদস্যবিশিষ্ট জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন জাতীয় কমিটি গঠন করেছে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এই কমিটির সভাপতি। কমিটিতে চিকিৎসক ও চিকিৎসকদের সংগঠনের প্রতিনিধিদের একক প্রাধান্য রয়েছে। জাতীয় পার্টি ও বিএনপির দুজন সাংসদসহ কমিটির এক-তৃতীয়াংশ সদস্য গতকালের সভায় উপস্থিত ছিলেন না।মহাজোট সরকার ক্ষমতা নেওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, তিন মাসের মধ্যে জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা ২০০৯ সালের এপ্রিল মাসে স্বাস্থ্যনীতি তৈরির কাজে হাত দেন। একপর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে (চিকিৎসা, শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) প্রধান করে স্বাস্থ্যনীতি চূড়ান্তকরণ কমিটিও করা হয়েছিল। ওই কমিটি খসড়া তৈরি করতে সাধারণ মানুষের মতামত নেওয়ার জন্য দেশের তিনটি বিভাগে কর্মশালার আয়োজন করে। মাঝপথে সেই প্রক্রিয়াও থেমে যায়। গত মে মাসের শেষ সপ্তাহে মন্ত্রণালয় জাতীয় কমিটির মাধ্যমে স্বাস্থ্যনীতি চূড়ান্ত করা হবে, এমন ঘোষণা দেয়। ১১ জুলাই জাতীয় কমিটি গঠন করে মন্ত্রণালয়। গতকালের সভায় খসড়া স্বাস্থ্যনীতির ওপর বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের দেওয়া মতামত সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পরে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে ১৩ সদস্যের এই ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। ওয়ার্কিং কমিটি খসড়া স্বাস্থ্যনীতির ওপর বিভাগীয় পর্যায়ের তিনটি অবশিষ্ট ওয়ার্কশপ (রাজশাহী, সিলেট ও রংপুর) আয়োজন করবে। এসব ওয়ার্কশপের মতামতসহ এ পর্যন্ত প্রাপ্ত মতামতগুলো সন্নিবেশিত করে জাতীয় কমিটির কাছে উপস্থাপন করবে।