স্বাস্থ্যবিধি সচেতনতায় বিদ্যালয়ে বেড়েছে শিক্ষার্থীর উপস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের মাঠ ঝকঝকে। শ্রেণিকক্ষের পাশে সাজানো ময়লা ফেলার ঝুড়ি। মাঠের এক পাশে দুটি শৌচাগার; একটি ছেলেদের, অন্যটি মেয়েদের। দুটিতেই সাবান-পানির ব্যবস্থা থাকলেও মেয়েদের শৌচাগারে রয়েছে বাড়তি কিছু। সেখানে রাখা ন্যাপকিন, পাশে ঢাকনা লাগানো ন্যাপকিন ফেলার বাক্স। এ চিত্র ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চবিদ্যালয়ের হলেও উপজেলার অনেক বিদ্যালয়েই এখন এমন দৃশ্য দেখা যায়।
বাংলাদেশের পানি ও স্যানিটেশন সেক্টরের স্বাস্থ্যবিধি (হাইজিন) প্রসারের জাতীয় কৌশলপত্র ২০১২ প্রচারণা কার্যক্রম শুরু হওয়ার পর বালিয়াডাঙ্গীর বিদ্যালয়গুলোতে তা মেনে চলায় এ পরিবর্তন এসেছে। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতিও বেড়েছে।
ওয়াটারএইড বাংলাদেশের কারিগরি সহায়তায় ২০১৫ সালের এপ্রিল মাসে ওই কার্যক্রম শুরু করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। কার্যক্রমটি বালিয়াডাঙ্গীর ৬১টি মাধ্যমিক, ১৩২টি প্রাথমিক বিদ্যালয় ও ২২টি কমিউনিটি ক্লিনিক ও সাতটি পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে চালানো হচ্ছে। এসব প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে নয়জন নারী হাইজিন প্রমোশন অ্যানিমেটর। পাশাপাশি সব মিলিয়ে ১ হাজার ১০০ শিক্ষক, কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের কর্মকর্তাকে স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে স্বাস্থ্যবিধি শিক্ষা-উপকরণ। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে পাঁচটি স্বাস্থ্যবিধি (ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পানির স্বাস্থ্যবিধি, খাদ্যের স্বাস্থ্যবিধি, স্যানিটেশন স্বাস্থ্যবিধি ও পরিবেশগত স্বাস্থ্যবিধি) অর্জনে ১০৫টি প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার সাবাজপুর উচ্চবিদ্যালয়, বালিয়াডাঙ্গী পাইলট বিদ্যালয় ও বালিয়াডাঙ্গী বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে জানা গেছে, কিছুদিন আগেও বিদ্যালয়গুলোতে একই শৌচাগার ছাত্রছাত্রীরা একত্রে ব্যবহার করত। এ কারণে ঋতুকালীন সময়ে (মাসিক) ছাত্রীরা বিদ্যালয়ে উপস্থিত হতো না। সাবাজপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সামসাদ আখতার বলেন, বিদ্যালয়ে ৩৮৪ জন শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ১৮৩ জন্যই ছাত্রী। ঋতুকালীন সময়ে প্রতিটি শ্রেণিতে গড়ে পাঁচ থেকে সাতজন ছাত্রী বিদ্যালয়ে আসত না। আবার বিদ্যালয়ে আসার পর যাদের ঋতুস্রাব শুরু হতো, তারা ছুটি নিয়ে বাড়ি যেত। এতে মাসে কয়েক দিন অনুপস্থিতির কারণে তারা পড়ালেখায় পিছিয়ে পড়ত। বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি কার্যক্রম শুরু হওয়ায় এখন শিক্ষার্থীর উপস্থিতি গড়ে ৯০ শতাংশ। বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি কার্যক্রম ধরে রাখতে গঠন করা হয়েছে একটি কিশোরী দল। কিশোরী দলের দলনেতা রোকসানা আক্তার বলে, যেসব ছাত্রী এ বিষয় নারী শিক্ষকের সঙ্গে কথা বলতে লজ্জা করে, তাদের কিশোরী দল পরামর্শ দিয়ে থাকে।
বালিয়াডাঙ্গী বালিকা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী আফরোজা বেগম বলে, ‘ক্লাস থেকে আমরা ব্যক্তিগত পরিচর্যার কথা শিখতে পেরেছি। এখন ছাত্রীরা মাসিক হওয়ার আগেই মাসিক সম্পর্কে জানতে পারছে।’ বালিয়াডাঙ্গী পাইলট বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিফাত জাহান বলে, ‘বর্তমানে স্বাস্থ্যবিধি শিক্ষা-উপকরণ পড়ে আমরা অনেক কিছু জেনেছি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন, ‘স্বাস্থ্যবিধি সচেতনতা সৃষ্টির ফলে বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি বেড়েছে।’
ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসক নাসিমা আক্তার জাহান বলেন, মাসিকের সময় চার ঘণ্টা পরপর ন্যাপকিন বা কাপড় বদলাতে হয়। তা করা না হলে মাসিকের কাপড়ে ব্যাকটেরিয়ার জন্ম হয়। ব্যাকটেরিয়াযুক্ত এই কাপড় ব্যবহারে জরায়ুমুখ ও প্রজনন অঙ্গ সংক্রমণের শিকার হয়। নারীবান্ধব অবকাঠামো ও নিরাপত্তার অভাবে মেয়েরা স্কুলে মাসিকের কাপড় পরিবর্তন করতে পারে না। ফলে মাসিকের সময় মেয়েরা স্কুলে যেতে চায় না। ইএসডিওর হাইজিন প্রসারের জাতীয় কৌশলপত্র প্রচারণা কার্যক্রমের সমন্বয়কারী এনামুল হক বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যবিধি সচেতনতায় ব্যাপক পরিবর্তন এসেছে।