স্বাস্থ্যবিমা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকার স্বাস্থ্যবিমা চালুর উদ্যোগ নিয়েছে। দারিদ্র্যের কারণে যারা সেবা কিনতে পারে না, স্বাস্থ্যবিমার আওতায় তাদের সেবা দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক গতকাল বুধবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সভায় সাংবাদিকদের এ কথা বলেন।‘জাতীয় স্বাস্থ্যনীতি ২০১১’-এর খসড়ার বিষয়ে সাংবাদিকদের মতামত জানতে স্বাস্থ্য মন্ত্রণালয় এ সভার আয়োজন করে। সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, স্বাস্থ্যনীতি প্রণয়নবিষয়ক জাতীয় কমিটিতে খসড়া উপস্থাপন করা হয়েছে। শিগগির তা মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত, থাইল্যান্ডসহ বেশ কয়েকটি দেশে স্বাস্থ্যবিমা চালু আছে। স্বাস্থ্যবিমার কল্যাণে অনেক দরিদ্র মানুষ সহজে চিকিৎসাসেবা পাচ্ছে। ওই সব দেশের অভিজ্ঞতা বাংলাদেশ পরীক্ষা-নিরীক্ষা করছে এবং ভবিষ্যতে বাংলাদেশ নিজের মতো করে তা চালু করবে।সভার শুরুতে সাংবাদিকদের খসড়া ‘জাতীয় স্বাস্থ্যনীতি ২০১১’ দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের খসড়ার ওপর মতামত দিতে বলেন। একাধিক সাংবাদিক বলেন, আগে থেকে তাঁদের কাছে খসড়া পৌঁছে দিলে তাঁদের পক্ষে মতামত দেওয়া সহজ হতো। এরপর মন্ত্রী আগামী সপ্তাহের মধ্যে তাঁদের লিখিত মতামত দিতে বলেন।১২ পৃষ্ঠার খসড়া স্বাস্থ্যনীতিতে প্রস্তাবনা, প্রেক্ষাপট ও স্বাস্থ্য খাতের প্রতিবন্ধকতা আলোচনার পর ১৯টি লক্ষ্যের কথা বলা হয়েছে। এসব লক্ষ্য অর্জনের জন্য ১৬টি নীতি ও ৩৮টি কর্মকৌশল চিহ্নিত করা হয়েছে। কর্মকৌশলের মধ্যে স্বাস্থ্যবিমার প্রয়োজনের কথা বলা হয়েছে।