স্বাস্থ্যবিমা চালুর ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, বাংলাদেশের অনেক অর্জন বিশ্বে স্বীকৃত হচ্ছে না। স্বাস্থ্য খাতে বাংলাদেশের অর্জন গড়ে ভারতের চেয়ে ভালো। তিনি স্বাস্থ্যবিমা চালু করার ব্যাপারে বাংলাদেশকে সতর্ক হতে বলেন। গতকাল সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশ হেলথ ওয়াচ রিপোর্ট-২০১১’ প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নাগরিক সংগঠন বাংলাদেশ হেলথ ওয়াচ এই প্রতিবেদন প্রকাশ ও অনুষ্ঠানের আয়োজন করে। এ বছরের প্রতিবেদনের প্রতিপাদ্য ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের দিকে’। অমর্ত্য সেন বলেন, কিছু ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ভারতের অর্জনকে অতিক্রম করেছে। এ থেকে শিক্ষা নেওয়ার আছে। দেশ ও বিষয় ধরে অভিজ্ঞতা নিতে হবে। স্বাস্থ্যবিমার ব্যাপারে অমর্ত্য সেন বলেন, বিমাব্যবস্থায় কিছু সমস্যা আছে। এতে কিছু মানুষের কল্যাণ (ওয়েলফেয়ার) বাদ পড়তে পারে। ন্যায্যতা নিশ্চিত করার ক্ষেত্রে বিমা ত্রুটিপূর্ণ ব্যবস্থা।অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অমর্ত্য সেনকে ‘বাংলাদেশের দূত’ উল্লেখ করে বলেন, বাংলাদেশের অর্জন তিনি বিশ্বদরবারে তুলে ধরেন। তিনি বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, খাওয়ার স্যালাইন, টিকা কর্মসূচি বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় অর্জন। এর আগে অনুষ্ঠানের বিশেষ স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, বাংলাদেশ স্বাস্থ্যবিমা চালু করে দরিদ্র বা বস্তিবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় কি না তা ভাবছে। এ ক্ষেত্রে থাইল্যান্ড ও ভারতের অভিজ্ঞতা জানার চেষ্টা হয়েছে। অভিজ্ঞতা কাজে লাগানোর ব্যাপারে অমর্ত্য সেন বলেন, ইউরোপের কয়েকটি দেশের স্বাস্থ্য খাতের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ শিক্ষা নিতে পারে। সহায়তার ব্যাপারে তিনি বলেন, নগদ অর্থ (ক্যাশ) ও সেবার (কাইন্ড) মাধ্যমে স্বাস্থ্য খাতে সহায়তা করা যায়। তবে সেবা সব সময় সরকারের হাতে থাকা ভালো। নগদ অর্থের ব্যাপারে সরকার ও ব্যক্তি খাত এগিয়ে আসতে পারে। ভারতের কেরালা রাজ্যের উদাহরণ দিয়ে তিনি বলেন, ওই রাজ্যে ৬৫ শতাংশ স্বাস্থ্যসেবা দেয় ব্যক্তি খাত। কিন্তু সেখানে ব্যক্তি খাত কাজ করছে সরকারি খাতের ওপর দাঁড়িয়ে।অমর্ত্য সেনের বক্তব্য উপস্থাপনের আগে প্রতিবেদনটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন অতিথিরা। স্বাস্থ্য প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপনের সময় সম্পাদকীয় দলের সদস্য সৈয়দ মাসুদ আহমেদ বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে মানুষের ব্যয় বাড়ছে। ভোক্তার নিজের খরচ ১৯৯৭ সালে ৫৭ শতাংশ থেকে বেড়ে ২০০৭ সালে ৬৪ শতাংশে দাঁড়ায়। ওই একই সময় সরকারি খরচ ৩৬ থেকে কমে ২৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, এর আগে তিনটি বিষয়ের ওপর হেলথ ওয়াচ তিনটি প্রতিবেদন প্রকাশ করেছিল। এ বছরের প্রতিবেদনে স্বাস্থ্য খাতে অর্থায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বেসরকারি খাতে চালু স্বাস্থ্যবিমার একটি মূল্যায়ন তাতে আছে। হেলথ ওয়াচের উপদেষ্টা কমিটির আহ্বায়ক রওনক জাহান বলেন, স্বাস্থ্য খাতে কিছু বিষয়ে দ্বিধা ছিল। অমর্ত্য সেন সেসব বিষয় স্পষ্ট করেছেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হেলথ ওয়াচের কার্যকরী দলের দুই সদস্য ফারুক আহমেদ ও আহমেদ আল-সাবির।