স্বাস্থ্যমন্ত্রীর কথা শুনছে না চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, তোষামোদ করেও তিনি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কাজে লাগাতে পারছেন না। চিকিৎসাসেবার জন্য সরকার প্রয়োজনীয় যন্ত্রপাতির জোগান দিচ্ছে ঠিকই, কিন্তু শিক্ষকেরা সেগুলো ব্যবহার করছেন না, ছাত্রদেরও শেখাচ্ছেন না। গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ক্যানসার সোসাইটি আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক অধিবেশন-২০১১-এ রুহুল হক এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের দেশের ছাত্ররা অত্যন্ত মেধাবী। কিন্তু শিক্ষকেরা কতটুকু দায়িত্ব পালন করছেন, তা নিয়ে প্রশ্ন আছে। আমি প্রতিষ্ঠানের পরিচালকদের তোষামোদ করছি। বিশ্বের বিভিন্ন উন্নত দেশের প্রতিষ্ঠানের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। কিন্তু তেমন অগ্রগতি নেই।’স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসকেরা সরকারি কাজের পাশাপাশি ব্যক্তিগতভাবে রোগী দেখেন। এতে দোষের কিছু নেই। কিন্তু সমাজকে কিছু দেওয়ার মানসিকতা থাকতে হবে। সম্প্রতি রংপুরে হূদরোগের চিকিৎসায় একটি কেন্দ্র চালু হয়েছে। কিন্তু সার্বক্ষণিক একজন বিশেষজ্ঞকে সেখানে নিয়োগ দেওয়া যায়নি। যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করা না গেলে জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে না। অনুষ্ঠানের আয়োজকেরা বলেন, দেশে বর্তমানে মাত্র ১০০ জন ক্যানসার বিশেষজ্ঞ এবং সব ধরনের সুযোগ-সুবিধাসহ হাসপাতাল রয়েছে ১১টি। এগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল।