স্বাস্থ্যমেলায় শব্দদূষণ, রোগীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের ১০০ শয্যার সদর হাসপাতাল চত্বরে গতকাল শনিবার থেকে দুই দিনব্যাপী স্বাস্থ্যমেলা শুরু হয়েছে। তবে মেলায় উচ্চ শব্দে মাইক বাজানোয় বিপাকে পড়েছে রোগী ও তাদের স্বজনেরা। নড়াইল-২ আসনের সাংসদ এস কে আবু বাকের গতকাল প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। সিভিল সার্জন আবদুস সামাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক জহুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক এস এম জাফরি, বিএমএর সম্পাদক আবদুল কাদের প্রমুখ। মেলায় ১৫টি স্টলে রয়েছে স্বাস্থ্যসেবার নানা উপকরণসহ পরামর্শকেন্দ্র। হাসপাতাল চত্বরে উচ্চশব্দে মাইক বাজিয়ে মেলার আয়োজন করায় রোগী ও তাদের স্বজনেরা বিপাকে পড়েছে। এক রোগীর স্বজন জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালে বিভিন্ন ধরনের রোগী চিকিৎসাসেবা নিতে আসে। মাইক বাজিয়ে এভাবে অনুষ্ঠান করায় উচ্চশব্দের কারণে অনেক রোগী অসুবিধা ভোগ করে। সিভিল সার্জন আবদুস সামাদ বলেন, এক ঘণ্টার অনুষ্ঠানে রোগীদের তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে হয় না। তা ছাড়া নারীবান্ধব হাসপাতালসহ রোগীদের জন্যই এ মেলার আয়োজন। জানা গেছে, দুই দিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে নাটক ও বিতর্ক প্রতিযোগিতা, মা ও নবজাতক শিশু স্বাস্থ্যবিষয়ক কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।